[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ভাঙ্গায় জামায়াত নেতাকে কুপিয়ে জখম

প্রকাশঃ
অ+ অ-
চিকিৎসাধীন জামায়াত নেতা নুর আলম মুন্সী। মঙ্গলবার বিকেলে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে | ছবি: পদ্মা ট্রিবিউন

ফরিদপুরের ভাঙ্গায় এক জামায়াত নেতার ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনের তারাইল এলাকায় তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।

আহত ব্যক্তির নাম নুর আলম মুন্সী (৪০)। তিনি ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়ন জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি এবং ওই ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, হেলমেট পরা একদল লোক কয়েকটি মোটরসাইকেলে করে ঘটনাস্থলে আসে। কিছু বুঝে ওঠার আগেই তারা ধারালো অস্ত্র দিয়ে নুর আলমকে কুপিয়ে পালিয়ে যায়।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন নুর আলম বলেন, ‘আমি ফরিদপুর-৪ আসনে জামায়াতের প্রার্থী মাওলানা সরোয়ার হোসেনের নির্বাচনী প্রচারপত্র আনতে মোটরসাইকেল নিয়ে চান্দ্রা ইউনিয়নের মালিগ্রামের কার্যালয়ে যাচ্ছিলাম। পথে ফোন এলে মোটরসাইকেলটি সড়কের পাশে থামিয়ে কথা বলছিলাম। তখন হেলমেট পরা কয়েকজন মোটরসাইকেলে করে এসে আমার পাশে দাঁড়ায়। হঠাৎ তারা আমার মাথায় এলোপাতাড়ি কোপাতে শুরু করে এবং বলে—তুই আর জামায়াতের প্রার্থীর কাজ করবি না। সবার মাথায় হেলমেট থাকায় আমি কাউকেই চিনতে পারিনি।’

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের বলেন, দুপুরে মাথা ও শরীরে জখম নিয়ে এক ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাঙ্গা পৌর শাখার সভাপতি মো. এনায়েত হোসেন বলেন, ‘আমাদের আজিমনগর ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি নুর আলম নির্বাচনী কাজের সময় হামলার শিকার হয়েছেন। আমরা এ বিষয়ে আইনি ব্যবস্থা নিচ্ছি।’

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আলীম বলেন, ‘হামলার ঘটনায় মুখে জানানো হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন