ভোলায় প্রচারের সময় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯
![]() |
| দৌলতখানে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ। মঙ্গলবার সকালে | ছবি: ভিডিও থেকে সংগৃহীত |
ভোলার দৌলতখান উপজেলায় নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেদুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মুন্সিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে বোরহানউদ্দিনে নির্বাচনী প্রচারে নারী কর্মীদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন করেছে জামায়াতের মহিলা শাখা। বিকেল সাড়ে চারটার দিকে থানা মোড় এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দৌলতখানের মুন্সিরহাট এলাকায় ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনের জামায়াতের প্রার্থী মুফতি ফজলুল করিমের পক্ষে প্রচার চালাচ্ছিলেন দলটির নেতা-কর্মীরা। একই সময় ওই এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী হাফিজ ইব্রাহিমের কর্মী-সমর্থকেরাও অবস্থান করছিলেন। একপর্যায়ে দুই পক্ষ মুখোমুখি হলে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে গুরুতর আহত জামায়াতের পাঁচজনকে ভোলা ২৫০ শয্যার সাধারণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন— মো. রাসেল, মো. নাঈম, মো. বিল্লাল, মো. মিজান ও মো. সিফাত। তাঁরা সবাই স্থানীয় জামায়াতের কর্মী-সমর্থক। অন্যদিকে বিএনপির আহতদের মধ্যে রয়েছেন রাসেল (২৬), মিজান (৩৫), রাকিব (২৭) ও রিয়াজ (২৭)। তাঁদের মধ্যে তিনজন দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
দৌলতখান উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা আশ্রাফ উদ্দিন ফারুক অভিযোগ করে বলেন, আগে থেকে পরিকল্পনা করে বিএনপির নেতা-কর্মীরা লাঠিসোঁটা ও রড নিয়ে জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছেন। এতে তাঁদের অন্তত ১৩ জন আহত হয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাজাহান সাজু বলেন, জামায়াতের নেতা-কর্মীরা প্রচারের নামে পরিকল্পিতভাবে বিএনপির কর্মীদের ওপর হামলা চালিয়েছেন। এতে তাঁদের তিনজন গুরুতর আহত হয়েছেন। তাঁরাও আইনি ব্যবস্থা নেবেন।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম শিকদার বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি।
![]() |
| বোরহানউদ্দিনে নির্বাচনী প্রচারণায় নারী কর্মীদের হেনস্তার প্রতিবাদে জামায়াতের মহিলা শাখার মানববন্ধন। মঙ্গলবার বিকেলে উপজেলার থানা মোড় এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন |
এদিকে নির্বাচনী প্রচারের সময় নারী কর্মীদের লাঞ্ছিত করার প্রতিবাদে বিকেলে বোরহানউদ্দিন উপজেলা থানা মোড় এলাকায় মানববন্ধন করেছে জামায়াতের মহিলা শাখা। মানববন্ধনে বোরহানউদ্দিন পৌর জামায়াতের সভাপতি মাওলানা মো. আমান উল্যাহ, সাধারণ সম্পাদক মো. মাকসুদুর রহমান ও মহিলা শাখার কর্মী নাসরিন বেগম বক্তব্য দেন।
বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা নির্বাচনী প্রচারে অংশ নেওয়া নারীদের বাধা দিচ্ছেন এবং ভয় দেখাচ্ছেন। তাঁরা নারী লাঞ্ছনার প্রতিটি ঘটনার সঠিক তদন্ত, দোষীদের দ্রুত আইনের আওতায় আনা এবং ভবিষ্যতে নির্বাচনী প্রচারে নারীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।


Comments
Comments