মানিকগঞ্জে পাকিস্তানি রিভলভার উদ্ধার
![]() |
| সংবাদ সম্মেলনে কথা বলছেন সেনাবাহিনীর ১১ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ওয়াসিম আকরাম | ছবি: পদ্মা ট্রিবিউন |
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় একটি সেতুর নিচ থেকে পাকিস্তানে তৈরি একটি রিভলভার ও বৈদ্যুতিক সংযোগসহ একটি বোমা উদ্ধার করেছে যৌথ বাহিনী।
মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সেনাবাহিনীর ১১ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক (মানিকগঞ্জের দায়িত্বপ্রাপ্ত) লেফটেন্যান্ট কর্নেল ওয়াসিম আকরাম।
![]() |
| উদ্ধার হওয়া অস্ত্র ও বিস্ফোরক সামগ্রী | ছবি: পদ্মা ট্রিবিউন |
তিনি জানান, সোমবার রাত ১২টার দিকে গোপন খবরের ভিত্তিতে উপজেলার লেছড়াগঞ্জ বাজার সংলগ্ন একটি সেতুর নিচে অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানে একটি রিভলভার, পাঁচটি হাতবোমা, দেশি ধারালো অস্ত্র এবং বৈদ্যুতিক সংযোগ থাকা একটি বোমা উদ্ধার করা হয়।
উদ্ধার করা বৈদ্যুতিক বোমাটি সেনাবাহিনীর বোমা ধ্বংসকারী দল নিরাপদে নিষ্ক্রিয় করেছে। অস্ত্র ও অন্যান্য আলামত পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। অভিযানে সেনাবাহিনীর ৫৪ জন ও পুলিশের ২১ জন সদস্য অংশ নেন।
লেফটেন্যান্ট কর্নেল ওয়াসিম আকরাম বলেন, যৌথ বাহিনী সর্বোচ্চ পেশাদারত্ব ও দক্ষতার সঙ্গে এই অভিযান শেষ করেছে। যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে তারা সবসময় প্রস্তুত রয়েছে।
তিনি আরও জানান, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আয়োজনের লক্ষ্যে যৌথ বাহিনী সব সময় সতর্ক অবস্থানে রয়েছে। নির্বাচন ঘিরে এই জেলায় নিরাপত্তা ব্যবস্থাও বাড়ানো হয়েছে।
সংবাদ সম্মেলনে মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, মহরম আলী ও আব্দুল্লাহ আল মামুনসহ সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।


Comments
Comments