সবাই ধৈর্য ধরুন, জোটের আনুষ্ঠানিক কর্মসূচির জন্য অপেক্ষা করুন: জামায়াত
![]() |
| বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো |
বাংলাদেশ জামায়াতে ইসলামী সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে। দলটি একই সঙ্গে জামায়াতের নেতৃত্বাধীন ১১–দলীয় জোটের আনুষ্ঠানিক কর্মসূচির জন্য অপেক্ষা করতে বলেছে।
শুক্রবার সকাল ৮টা ১৫ মিনিটে দেশবাসীর উদ্দেশে জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই আহ্বান জানানো হয়।
গতকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে পাওয়া তথ্যে দেখা গেছে, বেসরকারি ফলাফলে বিএনপি ও তার মিত্ররা ১৬৭টি আসনে জয়ী হয়েছেন। জামায়াত ও তার মিত্ররা জয়ী হয়েছেন ৫৯টি আসনে।
জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পোস্টে বলা হয়েছে, গতকাল দিনভর শান্তিপূর্ণ ও ইতিবাচক পরিবেশে বিপুলসংখ্যা মানুষ ভোট দেওয়ায় তারা ভোটারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।
তবে নির্বাচনের ফলাফলের প্রক্রিয়া নিয়ে তারা সন্তুষ্ট নয় বলে পোস্টে উল্লেখ করা হয়। এতে বলা হয়েছে, বিভিন্ন আসনে ১১–দলীয় জোটের প্রার্থীরা অল্প ব্যবধানে ও সন্দেহজনকভাবে পরাজিত হয়েছেন, বেসরকারি ফলাফল ঘোষণায় বারবার অসংগতি এবং বানানো তথ্য প্রকাশ হয়েছে, ভোটার উপস্থিতির হার প্রকাশে নির্বাচন কমিশন অনীহা দেখিয়েছে, এবং প্রশাসনের কিছু অংশ একটি দলের প্রতি ঝুঁকে থাকার ইঙ্গিত দিয়েছে। এগুলো সবই ফলাফলের স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে ধরে।
পোস্টে সবাইকে ধৈর্য ধরে থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, ১১–দলীয় জোটের আনুষ্ঠানিক কর্মসূচির জন্য অপেক্ষা করতে হবে।
শেষে জামায়াতের পোস্টে উল্লেখ করা হয়েছে, ‘মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ন্যায়বিচারের জন্য আমাদের সংগ্রাম ইনশা আল্লাহ অব্যাহত থাকবে।’

Comments
Comments