প্রধান উপদেষ্টার সম্পদ বেড়েছে ১ কোটি ৬১ লাখ টাকা, কমেছে তাঁর স্ত্রীর
| প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস | গ্রাফিকস: পদ্মা ট্রিবিউন |
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ এই তথ্য প্রকাশ করে। গত ৩০ জুন পর্যন্ত প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের মোট সম্পদের পরিমাণ ছিল ১৫ কোটি ৬২ লাখ ৪৪ হাজার ৬৫ টাকা। এক বছর আগে এর পরিমাণ ছিল ১৪ কোটি ১ লাখ ৩৯ হাজার ৬৭৩ টাকা। অর্থাৎ, এক বছরে তাঁর সম্পদ বেড়েছে ১ কোটি ৬১ লাখ ৪ হাজার ৩৯২ টাকা।
সঞ্চয়পত্র ভাঙানো, সঞ্চয়ী বা মেয়াদি আমানত বৃদ্ধি এবং উত্তরাধিকার সূত্রে পাওয়া শেয়ারসহ বিভিন্ন কারণে এই সম্পদ বেড়েছে বলে তিনি জানিয়েছেন। অন্যদিকে, প্রধান উপদেষ্টার স্ত্রী আফরোজী ইউনূসের মোট সম্পদের পরিমাণ ১ কোটি ২৭ লাখ ৬৩ হাজার ৩৬০ টাকা, যা আগের অর্থবছরে ছিল ২ কোটি ১১ লাখ ৭৭ হাজার ২৭৪ টাকা। সেই হিসাবে এক বছরে তাঁর সম্পদ কমেছে ৮৪ লাখ ১৩ হাজার ৯১৪ টাকা।
আয়কর আইন অনুযায়ী, একজন করদাতার মালিকানাধীন সব ধরনের স্থাবর-অস্থাবর, আর্থিক ও মূলধনি সম্পত্তির সমষ্টিই হলো মোট সম্পদ (পরিসম্পদ)।
ইউনূসের সম্পদের হিসাব অনুযায়ী, তাঁর আর্থিক সম্পদের পরিমাণ ১৪ কোটি ৭৬ লাখ ৬৪ হাজার ৪০১ টাকা। এক বছর আগে এর পরিমাণ ছিল ১৩ কোটি ১৮ লাখ ৭১ হাজার ৪৩৩ টাকা। এ ছাড়া তাঁর অআর্থিক (নন–ফাইন্যান্সিয়াল) সম্পদ আছে ২১ লাখ ৬ হাজার ২৫০ টাকার, যা এক বছর আগে ছিল ২০ লাখ ৯২ হাজার ৫০০ টাকা। দেশের বাইরে তাঁর সম্পদ আছে ৬৪ লাখ ৭৩ হাজার ৪১৪ টাকার, যা আগে ছিল ৬১ লাখ ৭৫ হাজার ৭৪০ টাকা।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের মতে, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী আর্থিক সম্পদ বলতে নগদ টাকা, ব্যাংকে রাখা টাকা, সঞ্চয়পত্র, শেয়ার ও লভ্যাংশকে বোঝায়। আর অআর্থিক সম্পদ হলো জমি, বাড়ি, ফ্ল্যাট ও প্লটের মতো স্থাবর সম্পত্তি।
বিবরণী অনুযায়ী, প্রধান উপদেষ্টার স্ত্রী আফরোজী ইউনূসের আর্থিক সম্পদ আছে ৪ লাখ ৫১ হাজার ৮৬০ টাকার। এক বছর আগে এটি ছিল ৯৫ লাখ ৪১ হাজার ৬৭৯ টাকা। তাঁর অআর্থিক সম্পদের পরিমাণ ১ কোটি ২৩ লাখ ১১ হাজার ৫০০ টাকা, যা আগে ছিল ১ কোটি ১৬ লাখ ৩৫ হাজার ৫৯৫ টাকা। তাঁর বিদেশে কোনো সম্পদ নেই। ইউনূসের কোনো ঋণ বা দায় না থাকলেও তাঁর স্ত্রীর ১৬ লাখ ৯৬ হাজার টাকার দায় রয়েছে।
২০২৪ সালের ২৫ আগস্ট জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা জানিয়েছিলেন, সব উপদেষ্টা দ্রুত তাঁদের সম্পদের হিসাব দেবেন। পর্যায়ক্রমে এটি সব সরকারি কর্মকর্তার জন্য নিয়মিত ও বাধ্যতামূলক করা হবে। দুর্নীতি দমনে সংবিধানের ৭৭ অনুচ্ছেদ অনুযায়ী ‘ন্যায়পাল’ নিয়োগে অধ্যাদেশ তৈরির কথাও তিনি বলেছিলেন।
এরপর ১ অক্টোবর ‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা, ২০২৪’ জারি করা হয়। নিয়ম অনুযায়ী, উপদেষ্টারা প্রতিবছর আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখের পরবর্তী ১৫ কর্মদিবসের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে সম্পদের হিসাব দেবেন। স্বামী বা স্ত্রীর আলাদা আয় থাকলে সেটিও জমা দিতে হবে।
দীর্ঘদিন এই বিবরণী প্রকাশ না হওয়ায় সমালোচনা হচ্ছিল। এর পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সোমবার জানিয়েছিলেন, খুব দ্রুতই এটি প্রকাশ করা হবে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। বর্তমানে প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ২১। এ ছাড়া উপদেষ্টা ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় আরও কয়েকজন বিশেষ দায়িত্ব পালন করছেন। মঙ্গলবার তাঁদের সবার সম্পদের বিবরণী প্রকাশ করা হলো।
Comments
Comments