কুড়িগ্রাম সীমান্তে দুই ভারতীয়সহ তিন যুবক আটক: উদ্ধার হলো ইয়াবা
![]() |
| আটক দুই ভারতীয় যুবক। শুক্রবার বিকেলে ফুলবাড়ী থানায় | ছবি: পদ্মা ট্রিবিউন |
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবৈধ প্রবেশের অভিযোগে দুই ভারতীয় নাগরিকসহ এক বাংলাদেশি যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়।
শুক্রবার বিকেলে ফুলবাড়ীর নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি বালারহাট এলাকায় অভিযান চালিয়ে এই তিন যুবককে আটক করে ফুলবাড়ী থানার পুলিশ। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন তিন যুবককে আটক করে তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে কিছু ইয়াবা পাওয়া যায়। পরে তাঁদের থানায় নিয়ে যাওয়া হয়।
আটক দুই ভারতীয় নাগরিক হলেন আখিরুল খন্দকার (২২) ও ফারুক মিয়া (২২)। আখিরুল ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার নট্টবাড়ী এলাকার বাসিন্দা। ফারুক মিয়ার বাড়ি একই জেলার সাহেবগঞ্জ থানার কিশামত করলা এলাকায়। আটক অপরজন হলেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের খলিশাকোঠাল এলাকার বাসিন্দা আয়নাল হক (২৬)।
ফুলবাড়ী থানা সূত্রে জানা গেছে, আটক দুই ভারতীয় নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করা হবে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁদের বিএসএফের কাছে বুঝিয়ে দেওয়া হবে। অন্যদিকে, বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, আটক দুই ভারতীয় নাগরিকের বিষয়ে বিএসএফকে জানানো হয়েছে। শুক্রবার রাতের মধ্যেই তাঁদের বিএসএফের কাছে হস্তান্তর করা হবে।

Comments
Comments