[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

প্রকাশঃ
অ+ অ-
বিশ্বকাপ ইস্যুতে এখনো বাংলাদেশের পাশে আছে পাকিস্তান | গ্রাফিকস: পদ্মা ট্রিবিউন 

‘খেলার মাঠে রাজনীতি’র অভিযোগ তুলে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে না বলে জানিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, বিশ্বকাপ থেকে বাদ পড়া বাংলাদেশের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তাঁর সরকার।

বুধবার ইসলামাবাদে মন্ত্রিসভার সদস্যদের তিনি বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমাদের অবস্থান খুব পরিষ্কার—আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। কারণ, খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়।’

বাংলাদেশের পাশে থাকার বিষয়ে তিনি বলেন, ‘আমরা খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের পুরোপুরি বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি, এটি খুবই সঠিক সিদ্ধান্ত।’

বাংলাদেশের নিরাপত্তাশঙ্কা আমলে না নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দলটিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেয়। এরপরই পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দেয়।

সিদ্ধান্তটি গত সপ্তাহে জানানো হলেও এর কারণ এই প্রথম প্রকাশ করল পাকিস্তান সরকার। এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান আইসিসির দ্বিমুখী নীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হচ্ছে ২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা। তবে গত রোববার পাকিস্তান সরকারের খুদে বার্তা পাঠানোর সামাজিক মাধ্যম (এক্স) থেকে দেওয়া পোস্টে জানানো হয়, ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান দল।

এ বিষয়ে পিসিবি প্রকাশ্যে কিছু বলেনি। তবে সেদিনই আইসিসি এক বিবৃতিতে পাকিস্তানকে ‘দীর্ঘমেয়াদি প্রভাবের’ কথা মনে করিয়ে দিয়ে সিদ্ধান্ত ‘পুনরায় বিবেচনা’ করতে বলেছিল।

ভারতের সাম্প্রদায়িক উগ্রবাদীদের হুমকির মুখে গত ৩ জানুয়ারি মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বিশ্বকাপের জন্য ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। পরদিন আইসিসিকে অনুরোধ করা হয় খেলার স্থান (ভেন্যু) বদলে শ্রীলঙ্কায় ম্যাচ রাখার জন্য। তবে মোস্তাফিজের ঘটনাকে ‘বিচ্ছিন্ন ও অপ্রাসঙ্গিক’ উল্লেখ করে আইসিসি বাংলাদেশের অনুরোধ ফিরিয়ে দেয়।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানান, আইসিসি ভারতে বাংলাদেশিদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দেয়নি এবং ভারত সরকারও নিরাপত্তার বিষয়ে কোনো আশ্বাস দেয়নি। শেষ পর্যন্ত বাংলাদেশ ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তে অটল থাকলে আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে যুক্ত করে।

অতীতে ভারত ও পাকিস্তানের ক্ষেত্রে নিরাপত্তার অভাবকে গুরুত্ব দিলেও বাংলাদেশের ক্ষেত্রে কেন দেওয়া হলো না—এমন প্রশ্ন তুলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মহসিন নাকভি আইসিসির দ্বিমুখী নীতির সমালোচনা করেন। তিনি মন্তব্য করেন, ‘বাংলাদেশের প্রতি অন্যায় করা হচ্ছে।’ এর আগে আইসিসি বোর্ড সভায় খেলার স্থান পরিবর্তনের ভোটাভুটিতে বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছিলেন নাকভি। 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন