ফাল্গুনের শুরুতেই বাড়ছে গরম, বঙ্গোপসাগরে লঘুচাপ
![]() |
| ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল পুকুরপাড়ের পলাশ গাছে রোজ দেখা মিলছে টিয়া পাখির | ছবি: পদ্মা ট্রিবিউন |
ফাল্গুন মাস আসতে না আসতেই সারা দেশে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। এরই মধ্যে দেশের সব অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে ৩৫ ডিগ্রি সেলসিয়াস, আর রাজধানী ঢাকায় ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আগামী পাঁচ দিন তাপমাত্রা আরও বাড়তে পারে এবং গরমের অনুভূতি প্রকট হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার সকাল ৯টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শুক্রবার রাত এবং দিনের তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে। পরদিন ২১ ফেব্রুয়ারি রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা আছে। ২২ ফেব্রুয়ারি দেশের রাত ও দিনের তাপমাত্রা প্রায় একই থাকতে পারে। তবে এর পরদিন রাত এবং দিনের তাপমাত্রা আবারও সামান্য বাড়তে পারে।
এদিকে তাপমাত্রা বাড়ার প্রভাবে বঙ্গোপসাগরও উত্তাল হয়ে উঠেছে। কয়েক দিন আগে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপটি পূর্ব বিষুবীয় ভারত মহাসাগর এবং এর পাশের দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল। এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

Comments
Comments