ভোটের আগে সীমান্তের ৩০টি পথ দিয়ে ঢুকছে অবৈধ অস্ত্র
| গ্রাফিকস: পদ্মা ট্রিবিউন |
ঢাকায় গত ২২ জানুয়ারি দুটি বিদেশি পিস্তল ও ২১টি গুলিসহ পুলিশের কাছে ধরা পড়েন মো. আজগর আলী ওরফে ভোলা (৫৫) নামের একজন অস্ত্র ব্যবসায়ী। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) জানিয়েছে, জিজ্ঞাসাবাদে আজগর স্বীকার করেছেন যে ভারতের সীমান্ত থেকে যশোরের বেনাপোল হয়ে আসা পিস্তল দুটি বিক্রির জন্য আনা হয়েছিল।
এর আগে গত ১ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ শহরের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন টোল ঘর এলাকায় পুলিশ সিএনজিচালিত অটোরিকশায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, পাঁচটি গুলি ও দুটি ম্যাগাজিনসহ রয়েল হাসান নামের আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, ভারত থেকে সীমান্তের মনাকষা হয়ে এই অস্ত্র ও গুলি রয়েলের কাছে এসেছিল।
অবৈধ আগ্নেয়াস্ত্রসহ ধরা পড়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানতে পেরেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতার উদ্দেশ্যে এসব অবৈধ অস্ত্র আনা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা নির্দিষ্ট অর্থের (কমিশন) বিনিময়ে সীমান্তের ওপার থেকে অস্ত্র এনে এপারের কারবারিদের হাতে তুলে দেন। এরপর সেসব অস্ত্র অসাধু রাজনৈতিক নেতা, সন্ত্রাসী, চরমপন্থী, ডাকাত ও ভূমিদস্যুসহ বিভিন্ন অপরাধীদের হাতে পৌঁছে যায়।
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, সীমান্তে ও সীমান্ত এলাকায় মাঝেমধ্যে কিছু অস্ত্রের চালান ধরা পড়লেও বেশিরভাগ আগ্নেয়াস্ত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশে ঢুকে পড়ে। এসব অস্ত্র নির্বাচন কেন্দ্র করে সহিংসতা ও খুনাখুনি থেকে শুরু করে আধিপত্য বিস্তার এবং চাঁদাবাজির কাজে ব্যবহার করা হয়।
বিজিবি বলেছে, গ্রেপ্তার ব্যক্তিরা কমিশনের বিনিময়ে সীমান্তের ওপার থেকে অস্ত্র এনে এপারের অস্ত্র কারবারিদের হাতে তুলে দেন। অস্ত্র কারবারিদের হাত ঘুরে সেসব অস্ত্র পৌঁছে যায় অসাধু রাজনৈতিক নেতা, সন্ত্রাসী, উগ্রপন্থী, ডাকাত, ভূমিদস্যুসহ অপরাধীদের হাতে।
বিজিবি, পুলিশ ও র্যাব সূত্রে জানা গেছে, বাংলাদেশ-ভারত ও বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের অন্তত ৩০টি জায়গা (পয়েন্ট) দিয়ে দেশে অবৈধ অস্ত্র ঢুকছে। এই জায়গাগুলো হলো চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের রহনপুর রাঘব বাটি, গোপালপুর, মনাকষা, সোনা মসজিদ, আজমতপুর ও বিলভাতিয়া; ঝিনাইদহের মহেশপুরের জুলুলী; সাতক্ষীরার কলারোয়ার তলুইগাছা; যশোরের বেনাপোল ও চৌগাছা; রাজশাহীর গোদাগাড়ী, পবা, বাঘা ও চারঘাট সীমান্ত; চুয়াডাঙ্গার দর্শনা; সাতক্ষীরার শাঁকারা; মেহেরপুর; কুমিল্লার সরাইল; বান্দরবানের নাইক্ষ্যংছড়ি; কক্সবাজারের টেকনাফের খড়ের দ্বীপ ও উখিয়া; কুষ্টিয়ার দৌলতপুরের চরচিলামারী; সিলেটের কানাইহাট, জৈন্তাপুরের মিনাটিলা ও জাফলংয়ের কাটরি; সুনামগঞ্জের ছনবাড়ি বাজার ও চারাগাঁও; দিনাজপুরের গিলবাড়ি এবং মৌলভীবাজারের বড়লেখার তারাদরম সীমান্ত।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানান, সীমান্ত দিয়ে অস্ত্র ঢুকছে বলেই দেশের ভেতরে প্রতিদিন পুলিশ ও সেনাবাহিনীর অভিযানে কিছু অস্ত্র উদ্ধার হচ্ছে। তিনি বলেন, নির্বাচন সামনে রেখে দেশের ভেতরে অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের টহল ও তল্লাশি চৌকি (চেকপোস্ট) সক্রিয় আছে। তবে পুলিশ ও কারাগার থেকে লুট হওয়া অস্ত্র জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে তিনি মনে করেন।
কর্মকর্তারা আরও জানান, সীমান্তে যাঁরা অবৈধভাবে মানুষ পারাপারের কাজে জড়িত, তাঁদের একটি বড় অংশ এই অস্ত্র চোরাচালানে সহযোগিতা করে। অনেক সময় বড় অস্ত্রের চালান পার করতে চোরাকারবারিরা ছোট কোনো চালান নিজেরাই পুলিশের হাতে ধরিয়ে দেয়। একটি অভিযানে পুলিশকে ব্যস্ত রেখে তারা অন্য বড় চালানগুলো নিরাপদে গন্তব্যে পাঠিয়ে দেয়।
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় থানাসহ পুলিশের বিভিন্ন স্থাপনা ও কারাগার থেকে ৫ হাজার ৮১৭টি আগ্নেয়াস্ত্র লুট হয়। এর মধ্যে এখনো ১ হাজার ৩৬২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় দেশের বিভিন্ন থানায় অস্ত্র আইনে ২ হাজার ৩৯৩টি মামলা করা হয়েছে।
মাছ ধরার ট্রলার, নৌকার মাধ্যমেও দেশে অস্ত্র আনা হচ্ছে। এসব অস্ত্র চোরাকারবারিদের ডেরায় প্রথমে মজুত করা হয়। এরপর বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী, অবৈধ অস্ত্রের কারবারিরা এসব অস্ত্র ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় নানা কৌশলে পৌঁছে।
গত ৩০ ডিসেম্বর ঢাকার পিলখানায় বিজিবি সদর দপ্তরে বিজিবি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বক্তব্য দেন। তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সীমান্ত দিয়ে যাতে কোনো আগ্নেয়াস্ত্র আসতে না পারে, সে জন্য কড়া নজরদারি বাড়ানো হয়েছে।
বিজিবি সূত্র থেকে জানা গেছে, ভারতের সঙ্গে বাংলাদেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এর মধ্যে ভারতের অংশে তিন হাজার কিলোমিটারের মতো এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া থাকলেও বাকি অংশে কোনো বেড়া নেই।
বিজিবি সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানান, বিজিবি মূলত সীমান্ত থেকে দেশের ভেতরের আট কিলোমিটার এলাকার মধ্যে অভিযান চালায়। বিজিবি সতর্ক থাকায় সীমান্ত দিয়ে দেশে ঢোকার সময় অস্ত্রের চালান ধরা পড়ছে।
নির্বাচনের সময়সূচি (তফসিল) ঘোষণার পরদিন ১২ ডিসেম্বর রাজধানীতে পুরানা পল্টনের বক্স কালভার্ট এলাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান বিন হাদিকে গুলি করা হয়। পরে ১৮ ডিসেম্বরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সংবাদমাধ্যম কার্যালয়ে হামলা, আগুন দেওয়া ও লুটপাটের পাশাপাশি সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ও উদীচীতেও হামলা করা হয়।
জাতীয় নির্বাচনের সময়সূচি ঘোষণার পর যেসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেগুলোতে ব্যবহৃত অস্ত্র বিদেশে তৈরি বলে পুলিশ জানতে পেরেছে।
গত শুক্রবার রাজধানীর উত্তর বাড্ডা এলাকার পোস্ট অফিস গলির একটি বাড়ি থেকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ঘনিষ্ঠ সহযোগী মেহেদী হাসান ওরফে দিপুকে ১১টি অত্যাধুনিক বিদেশি অস্ত্র, পিস্তল, রিভলভারসহ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনীর একটি বিশেষ দল।
সর্বশেষ গত শুক্রবার রাজধানীর উত্তর বাড্ডা এলাকার পোস্ট অফিস গলির একটি বাড়ি থেকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী মেহেদী হাসান ওরফে দিপুকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনীর একটি বিশেষ দল। তাঁর কাছ থেকে ১১টি অত্যাধুনিক বিদেশি অস্ত্র, পিস্তল ও রিভলভার উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সভাপতি মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) আ ন ম মুনীরুজ্জামান বলেন, পুলিশের লুট হওয়া অস্ত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো পুরোপুরি উদ্ধার করতে পারেনি। এটি একটি বড় চ্যালেঞ্জ বা হুমকি। একই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে সীমান্ত দিয়ে যদি অবৈধ অস্ত্র ঢোকে, তবে এই হুমকি আরও বেড়ে যায়।
মুনীরুজ্জামান আরও বলেন, এখন দেশের নিরাপত্তা পরিস্থিতি কিছুটা নাজুক অবস্থায় আছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও বেশি সক্রিয় হতে হবে এবং গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে। সীমান্ত যেকোনোভাবেই হোক নিরাপদ রাখতে হবে। এটি করতে পারলে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা যাবে, যা শান্তিপূর্ণ নির্বাচনের জন্য খুবই প্রয়োজন।
Comments
Comments