‘নতুন বাংলাদেশ পাব’, ভোটের লাইনে দাঁড়িয়ে সালাহউদ্দিন
![]() |
| ভোটারদের সারিতে কক্সবাজার–১ আসনের বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমদ। আজ সকালে পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন কেন্দ্রে | ছবি: পদ্মা ট্রিবিউন |
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে দলের প্রার্থী সালাউদ্দিন আহমদ ভোট দিয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে তিনি কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন কেন্দ্রে ভোট দেন।
ভোট দেওয়ার পর সালাউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, ‘জনগণ আমাকে বারবার নির্বাচিত করেছে। আমাকে চেনে, জানে। আমাকে ভালোবাসে। আমি তাঁদের পরীক্ষিত সন্তান। এবারও তারা সঠিক সিদ্ধান্তই নেবেন।’
এর আগে সকাল আটটার দিকে ভোটার লাইনে দাঁড়িয়ে তিনি বলেন, ‘দীর্ঘ ১৭ বছর পর ভোটের পরিবেশ তৈরি হয়েছে। আমি ভোটার লাইনে দাঁড়িয়েছি, এটা অত্যন্ত আনন্দের। এই দেশের মানুষ এই ভোটাধিকারের জন্য আন্দোলন করেছে, মার খেয়েছে, রক্ত দিয়েছে। আজ সেই ভোটাধিকারের প্রয়োগ হচ্ছে। মানুষ উৎসাহ নিয়ে ভোট দিতে আসছে। এই যাত্রায় আমরা নতুন বাংলাদেশ পাব।’
পেকুয়া উপজেলায় মোট ৪৭টি ভোট কেন্দ্র রয়েছে। পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন কেন্দ্রে ভোটার রয়েছেন ২ হাজার ৯০০ জন। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা, পেকুয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানিয়েছেন, ‘এই কেন্দ্রে বুথের সংখ্যা ছয়টি। সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে আটটার মধ্যে ৩৪৭ জন ভোট দিয়েছেন।’

Comments
Comments