আমগোরে ভোট দাও, মামলাও খাইতা ন, হামলাও খাইতা ন: নির্বাচনী সভায় বিএনপি নেতা
![]() |
| বিএনপির নির্বাচনী পথসভায় বক্তব্য দিচ্ছেন বাহার উদ্দিন। গতকাল বিকেলে লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে | ছবি: ভিডিও থেকে |
‘আওয়ামী লীগের অনেক ভালো লোক আছে, যারা চাঁদাবাজ বা সন্ত্রাসে লিপ্ত নয়, তাদের কাছে আপনারা ভোটের জন্য যেতে পারেন। যে ভাই আমাদের ভোট দাও, তুমি মামলা বা হামলার শিকার হবেন না, আমি ভাই হিসেবে এমনটাই বলতে চেয়েছি। ধানের শীষে ভোট দিন, আপনাদের আর জমা দিতে হবে না।’
গত শুক্রবার বিকেলে লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে বিএনপির এক নির্বাচনী পথসভায় এ মন্তব্য করেন দলের সাবেক নেতা বাহার উদ্দিন। তিনি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি। তাঁর বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনে বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবুল খায়ের ভূঁইয়া। একই আসনে জামায়াতে ইসলামীর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া। এছাড়া আরও পাঁচজন প্রার্থী রয়েছেন।
স্থানীয় জামায়াতে ইসলামীর নেতারা অভিযোগ করেছেন, নির্বাচনী প্রচারণায় এমন বক্তব্য অনাকাঙ্ক্ষিত। তাঁদের মতে, কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মীদের মামলা-হামলার ভয়ভীতি বা প্রলোভনের ভাষায় ভোট চাওয়া গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।
এ বিষয়ে জানতে চাইলে বাহার উদ্দিন বলেন, ‘আমাদের বক্তব্যের একটি অংশবিশেষ ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। আমি মূলত শান্তিপূর্ণ সহাবস্থান ও রাজনৈতিক সম্প্রীতির কথাই বোঝাতে চেয়েছি।’

Comments
Comments