ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান, আহত না থাকায় পঙ্গু হাসপাতালে যাবেন না
![]() |
| ওসমান হাদির কবর জিয়ারত করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান | ছবি: বিএনপির মিডিয়া সেল থেকে |
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবরে পৌঁছেছেন।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে ওসমান হাদির কবরে পৌঁছান।
পৌনে ১১টার পরে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে জানানো হয়, তারেক রহমান হাদির কবর জিয়ারত করতে রওনা হয়েছেন।
![]() |
| ওসমান হাদির কবর জিয়ারত করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান | ছবি: পদ্মা ট্রিবিউন |
গত দুই দিনের মতো আজ তিনি লাল ও সবুজ রঙের বাসে যাননি। তারেক রহমান সাদা রঙের একটি গাড়িতে ওসমান হাদির কবরে যান। গাড়িটি ফুল দিয়ে সাজানো ছিল।
এ সময় রাস্তার দুপাশে বিএনপির নেতা–কর্মীরা অবস্থান করছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিও লক্ষ্য করা গেছে।
বিএনপির মিডিয়া সেল ফেসবুক পোস্টে জানিয়েছে, জুলাই গণ–অভ্যুত্থানের সময়ে আহত কেউ না থাকায় তারেক রহমান পঙ্গু হাসপাতালে যাবেন না।
এরপর তিনি আগারগাঁওয়ে গিয়ে নির্বাচন কমিশনে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করবেন।
গত বৃহস্পতিবার ১৭ বছর পর দেশে ফেরেন তারেক রহমান। লন্ডনে নির্বাসিত জীবন শেষে তাঁর প্রত্যাবর্তন ঘিরে ঢাকায় লাখ লাখ নেতা–কর্মী, সমর্থক ও সাধারণ মানুষের অভূতপূর্ব জমায়েত হয়। ঢাকার পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় অনুষ্ঠিত সংবর্ধনা সমাবেশে সারা দেশ থেকে দলের মনোনীত প্রার্থীরা যোগ দেন। প্রত্যেকে নিজ এলাকা থেকে নেতা–কর্মী ও সমর্থকদের সঙ্গে এসেছিলেন। সংবর্ধনা শেষে তাঁরা আবার নিজেদের এলাকায় ফিরে যান।


Comments
Comments