[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

গ্রিসের উপকূলে নৌকা থেকে বাংলাদেশিসহ ৫ শতাধিক আশ্রয়প্রার্থী উদ্ধার

প্রকাশঃ
অ+ অ-
ক্রিট দ্বীপের রেথিমনো শহরের একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্রের বাইরে উদ্ধার আশ্রয়প্রার্থীরা | ছবি: রয়টার্স

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণ উপকূল থেকে প্রায় ৫৪০ জন আশ্রয়প্রার্থীকে উদ্ধার করা হয়েছে। তাঁরা একটি মাছ ধরার নৌকায় ছিলেন। গ্রিসের উপকূলরক্ষী বাহিনী এ তথ্য জানিয়েছে।

গ্রিসের উপকূলরক্ষী বাহিনীর মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানান, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সীমান্তবিষয়ক সংস্থা ‘ফ্রন্টেক্স’-এর একটি নৌকা লিবীয় সাগরের ছোট দ্বীপ গ্যাভডোসের কাছাকাছি এলাকায় শুক্রবার ভোরে টহল দিচ্ছিল। এ সময় আশ্রয়প্রার্থীদের বহনকারী নৌকাটি ফ্রন্টেক্সের কর্মীদের নজরে আসে। পরে সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়। নৌকাটি কোথা থেকে যাত্রা শুরু করেছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

উদ্ধার হওয়া আশ্রয়প্রার্থীদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, মিসর, ইরিত্রিয়া, সোমালিয়া, সুদান ও ফিলিস্তিনের নাগরিক রয়েছেন। তাঁদের ক্রিট দ্বীপের রেথিমনো শহরে নেওয়া হয়েছে। সেখানে স্বাস্থ্য পরীক্ষা শেষে তাঁদের আশ্রয় আবেদন প্রক্রিয়া শুরু করা হবে।

এর আগে গত বৃহস্পতিবার গ্যাভডোস উপকূলে আলাদা দুটি ঘটনায় বিপদে পড়া দুটি নৌকা থেকে ৬৫ জন পুরুষ ও ৫ জন নারীকে উদ্ধার করে ফ্রন্টেক্স।

২০১৫ ও ২০১৬ সালে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে বিপুলসংখ্যক মানুষ ইউরোপে প্রবেশ করেন। তাঁদের একটি বড় অংশ গ্রিস হয়ে ইউরোপে ঢুকেছিলেন। তাঁদের মধ্যে বেশির ভাগ আশ্রয় পেয়েছেন জার্মানিতে। সমুদ্রপথে ইউরোপে যাওয়া এসব আশ্রয়প্রার্থীর অনেকে লিবিয়া থেকে যাত্রা শুরু করেছিলেন।

আগামী জুনে ইউরোপীয় ইউনিয়নের নতুন অভিবাসন ও আশ্রয় চুক্তি কার্যকর হওয়ার কথা রয়েছে। এই চুক্তির আওতায় গ্রিস, সাইপ্রাস, স্পেন ও ইতালি অভিবাসনজনিত চাপ মোকাবিলায় সহায়তা পাবে।

তবে গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিস সম্প্রতি বলেছেন, নতুন চুক্তির আওতায় যেসব আশ্রয়প্রার্থীর নিরাপত্তাসংক্রান্ত দাবি বাতিল হবে, তাঁদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।

এদিকে বিভিন্ন মানবাধিকার সংস্থা এই চুক্তির সমালোচনা করেছে। তারা সতর্ক করে বলেছে, চুক্তিটি আশ্রয়প্রার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে এবং এর ফলে তাঁদের অধিকার লঙ্ঘিত হওয়ার আশঙ্কা রয়েছে।

প্রসঙ্গত, ক্রিট ও গ্যাভডোস ভূমধ্যসাগরে অবস্থিত গ্রিসের দুটি দ্বীপ। এর মধ্যে গ্যাভডোস দ্বীপটি ক্রিটের দক্ষিণে লিবীয় সাগরে অবস্থিত।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন