তারেক আসছেন, শাহজালালে ২৪ ঘণ্টা দর্শনার্থী নিষিদ্ধ
![]() |
| হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল | ছবি: পদ্মা ট্রিবিউন |
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘নিরাপত্তার কারণে’ ২৪ ঘণ্টা দর্শনার্থীর প্রবেশ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।
বুধবার সন্ধ্যা থেকে পরের দিন সন্ধ্যা পর্যন্ত বিমানবন্দরে শুধু টিকেট ও পাসপোর্টধারী যাত্রীরাই ঢুকতে পারবেন বলে জানানো হয়েছে।
মঙ্গলবার বিমানবন্দরের নির্বাহী পরিচালক একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, 'হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবা, নিরাপত্তা এবং কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে বিশেষ নিরাপত্তা ও অপারেশনাল কারণে ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত যাত্রী ব্যতিত সকল সহযাত্রী ও দর্শনার্থীর প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ থাকবে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এ সময় স্বাভাবিক কার্যক্রম চালু রাখতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন এয়ারলাইন্সও ওই দিন যাত্রীদের আগে থেকেই বিমানবন্দর বা আশপাশের এলাকায় পৌঁছে অবস্থান করতে বলেছে।'
বিএনপি জানিয়েছে, তারেক রহমান ও তার সফরসঙ্গীরা আগামী বৃহস্পতিবার বেলা ১২টায় বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় নামবেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এর আগে জানিয়েছিলেন, বিমানবন্দর থেকে তারেক রহমান সরাসরি সড়কপথে এভারকেয়ার হাসপাতালে যাবেন, যেখানে তিন সপ্তাহ ধরে ভর্তি আছেন তার মা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ঢাকায় আসার পর তারেক থাকবেন গুলশান অ্যাভেনিউ ১৯৬ নম্বর বাড়িতে। এর পাশে ‘ফিরোজা’ নামে বাড়িতে থাকেন তার মা, খালেদা জিয়া। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তার জন্য আলাদা চেম্বারও তৈরি করা হয়েছে। এছাড়া গুলশানে আরেকটি বাসা ভাড়া নেওয়া হয়েছে, যেখান থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে।

Comments
Comments