[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

আগারগাঁও–শাহবাগ অংশে মেট্রোরেল চলাচল আবারও বন্ধ

প্রকাশঃ
অ+ অ-
ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা ভোগান্তিতে পড়েন। আজ রাত সাড়ে ৯টায় মেট্রোরেলের কারওয়ান বাজার স্টেশন থেকে তোলা | ছবি: পদ্মা ট্রিবিউন 

রাজধানীতে আবার বন্ধ করে দেওয়া হয়েছে মেট্রোরেলের আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত অংশে ট্রেন চলাচল। ফার্মগেটে যে স্থানে দুর্ঘটনা ঘটেছিল, সেখানে কিছুটা কম্পন অনুভূত হওয়ায় নিরাপত্তার কারণে রাত সোয়া নয়টা থেকে এই অংশে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।

তবে মতিঝিল থেকে শাহবাগ এবং উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল স্বাভাবিকভাবে চলাচল করছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জনসংযোগ কর্মকর্তা জাহিদুল ইসলাম।

গত রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেট স্টেশনের পাশের পিলার ও উড়ালপথের সংযোগস্থল থেকে একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে যায়। এতে আবুল কালাম নামে এক যুবক নিহত হন। দুর্ঘটনার পর মেট্রোরেল চলাচল বন্ধ করা হয়। পরে ধাপে ধাপে বেলা তিনটার দিকে উত্তরা থেকে আগারগাঁও এবং সন্ধ্যা সোয়া সাতটার দিকে মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত ট্রেন চালু করা হয়। বিয়ারিং প্যাড পুনঃস্থাপনের পর সোমবার বেলা ১১টার দিকে পুরো পথে মেট্রোরেল চালু হয়।

তবে দুর্ঘটনাস্থল ফার্মগেট এলাকায় গত তিন দিন ধরে ট্রেন ধীরে চলছিল। সতর্কতার অংশ হিসেবে ওই অংশে গতি কমিয়ে ট্রেন চালানো হচ্ছিল বলে জানিয়েছিল কর্তৃপক্ষ।

ডিএমটিসিএলের সূত্রে জানা যায়, আজ ফার্মগেটের দুর্ঘটনাস্থল দিয়ে ট্রেন যাওয়ার সময় চালক কিছুটা কম্পন টের পান। তিনি সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানান। এরপর ওই অংশে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

সময়সূচি অনুযায়ী, রাতে উত্তরা উত্তর স্টেশন থেকে শেষ ট্রেন ছাড়ে রাত সাড়ে ৯টায়। আর মতিঝিল থেকে শেষ ট্রেন ছাড়ে রাত ১০টা ১০ মিনিটে। তাই আজ আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল চালুর সম্ভাবনা নেই বলে জানিয়েছে ডিএমটিসিএল সূত্র।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন