মেট্রোস্টেশনগুলোতে র্যাপিড পাস বিক্রি শুরু
নিজস্ব প্রতিবেদক
![]() |
| মেট্রোরেলে যাতায়াতের জন্য এত দিন ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) পাস ও একক যাত্রা টিকিট ছিল | প্রতীকী ছবি |
মেট্রোরেলে যাত্রীদের জন্য প্রতিটি স্টেশনে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে র্যাপিড পাস বিক্রি শুরু হয়েছে। স্থায়ী কার্ড বা এমআরটি পাসের পরিবর্তে স্টেশনগুলোতে এখন থেকে কেবল র্যাপিড পাস বিক্রি হবে। তবে র্যাপিড পাসের পাশাপাশি আগে বিক্রি হওয়া এমআরটি পাসও ব্যবহার করা যাবে।
শুক্রবার রাতে মেট্রোরেল পরিচালনা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট লিমিটেড কোম্পানির (ডিএমটিসিএল) ফেসবুক পেজে এই ঘোষণা দেওয়া হয়েছে।
ফেসবুক পোস্টে বলা হয়েছে, মেট্রোস্টেশনগুলোতে ১৯ ডিসেম্বর সন্ধ্যা থেকে র্যাপিড পাস বিক্রি শুরু হয়েছে। এমআরটি পাসের পরিবর্তে এখন র্যাপিড পাস ক্রয় করার জন্য সম্মানিত যাত্রীদের অনুরোধ করা যাচ্ছে। তবে দুই ধরনের কার্ডই ব্যবহার ও রিচার্জ করা যাবে।
সিঙ্গেল জার্নি টিকিটের স্বল্পতার বিষয়টি শিগগিরই সমাধান করা হচ্ছে জানিয়ে ডিএমটিসিএল থেকে বলা হয়েছে, আশা করা যায়, আগামী সপ্তাহের মধ্যেই বিষয়টির সমাধান হবে। হাতে যথেষ্ট সময় নিয়ে স্টেশনে আসার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হচ্ছে। যাত্রীসাধারণের সাময়িক অসুবিধার জন্য ডিএমটিসিএল কর্তৃপক্ষ আন্তরিক দুঃখ প্রকাশ করছে এবং সবার সহযোগিতা প্রত্যাশা করছে।
ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, শুরু থেকেই মেট্রোরেলের কার্ড সরবরাহ করছে জাপানের নিপ্পন সিগন্যাল কোম্পানি। প্রথম দিকে তারা একক যাত্রার কার্ড সরবরাহ করে ৩ লাখ ১৩ হাজার। এমআরটি কার্ড সরবরাহ করে ৭ লাখ ২৮ হাজারের মতো। এমআরটি কার্ডের প্রায় সব বিক্রি হয়ে গেছে। এর মধ্যে আর নতুন করে কার্ড কিনতে পারেনি ডিএমটিসিএল। এ কারণে এমআরটি কার্ড নতুন করে বিক্রি করা বন্ধ হয়ে যায়।

Comments
Comments