[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের: উপদেষ্টা ফারুক-ই-আজম

প্রকাশঃ
অ+ অ-

সাভারে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপদেষ্টা ফারুক-ই-আজম | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি সাভার: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর বিক্রম বলেছেন, কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের। আজ বুধবার সকাল সোয়া ১০টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা বলেন, কোটা সংস্কার আন্দোলনের সংগ্রাম করতে গিয়ে মুক্তিযুদ্ধের বিষয়টা প্রধান হয়ে আসছে। কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের। জাতীয় ও আন্তর্জাতিকভাবে মুক্তিযোদ্ধারা ইমেজ সংকটের মধ্যে পড়েছেন।

সাংবাদিকদের সাথে কথা বলছেন উপদেষ্টা ফারুক-ই-আজম | ছবি: পদ্মা ট্রিবিউন

ফারুক-ই-আজম বলেন, ‘একটা সুবিধাবাদী শ্রেণি হিসেবে মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করেছে বিগত স্বৈরাচারী ব্যবস্থা। এ কারণে একে পুনর্গঠনের ব্যাপারে এই মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ এবং তাঁদের বীরত্ব, সত্যিকারের মুক্তিযোদ্ধা যাঁরা আছেন, তাঁদের মতামত নিয়ে সামনের দিনে আমরা এগিয়ে যাব।’

উপদেষ্টা বলেন, ‘মন্ত্রণালয় পুনর্গঠনের জন্য আমরা বসব। সবাইকে নিয়ে বসে পরিকল্পনা করে এটা করতে হবে। বিগত কোটা আন্দোলনে মুক্তিযুদ্ধের যে ইমেজ ড্যামেজ হয়েছে, সেটি আমরা দেখব বিভিন্ন পর্যায় থেকে।’

অমুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন রয়েছে, এ বিষয়ে কোনো পরিকল্পনা রয়েছে কি না, এমন এক প্রশ্নের জবাবে ফারুক-ই-আজম বলেন, ‘পরিকল্পনা আমরা গ্রহণ করব, এখনো করা হয়নি। আজকেই মন্ত্রণালয়ের সবাইকে নিয়ে বসে এ বিষয়ে সিদ্ধান্তে যাব কী কী করতে হবে। আপনারা সব জানতে পারবেন। অনেক সিদ্ধান্ত নেওয়ার আছে, সত্যিকার অর্থেই আছে। সবাই আমরা ভাবি এবং বাস্তবে ঘটেছেও এ ঘটনা। পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন যা করব, সবার সামনেই হবে। তবে সংস্কার হবে।’

মন্ত্রণালয়ের কোন বিষয়গুলো প্রাধান্য পাবে এ প্রশ্নে ফারুক-ই-আজম বলেন, ‘প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষায় পদক্ষেপ গ্রহণ করা হবে। বস্তুনিষ্ঠ ও কার্যকর সিদ্ধান্ত নেওয়া হবে। এখানে সংস্কার হবে এবং ভালো সংস্কার হবে।’

সকাল ১০টার দিকে সড়কপথে সাভারের জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হন উপদেষ্টা ফারুক-ই-আজম। জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন