পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষ

পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে

নিজস্ব প্রতিবেদক ঢাকা
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা লাঠি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সায়েন্স ল্যাব মোড়, ঢাকা, ২৭ সেপ্টেম্বর
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা লাঠি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সায়েন্স ল্যাব মোড়, ঢাকা, ২৭ সেপ্টেম্বর | ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে।


রোববার দুপুর সোয়া ১২টার দিকে সায়েন্স ল্যাব মোড়সংলগ্ন গ্রিন রোডের দক্ষিণ প্রান্তে এ ঘটনা ঘটে। এতে কিছু সময়ের জন্য সায়েন্স ল্যাব মোড় দিয়ে গণপরিবহনসহ যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।


দুই কলেজের কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার দাবি থাকলেও পুলিশ ঘটনাটিকে ‘সামান্য উত্তেজনা’ হিসেবে বর্ণনা করেছে।


ঢাকা মহানগর পুলিশের নিউমার্কেট অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার শওকত আলী বলেন, ‘এখানে সাংঘর্ষিক কিছু হয়নি। ঢাকা কলেজের কিছু ছেলে বের হয়ে এসেছিল আইডিয়াল কলেজের উদ্দেশে যাওয়ার জন্য। সেটা নিয়ে সামান্য উত্তেজনা দেখা দিয়েছিল। পরবর্তী সময়ে আমাদের হস্তক্ষেপে ও শিক্ষকদের সহায়তায় এটি প্রশমিত হয়েছে।’


ঘটনার প্রত্যক্ষদর্শী গ্রিন রোডের রিকশাচালক মো. আলী বলেন, দুপুরের দিকে গ্রিন রোডের মাথায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।


নাম প্রকাশ না করার শর্তে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের একজন শিক্ষার্থী বলেন, বেলা সাড়ে ১১টার দিকে সায়েন্স ল্যাব দিয়ে ঢাকা কলেজের একটি বাস যাওয়ার সময় ল্যাবএইড হাসপাতালের সামনে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা বাসটিতে ইট-পাটকেল ছুড়েছেন—এমন খবর পেয়ে দুপুর ১২টার দিকে তাঁরা আইডিয়াল কলেজের দিকে যান।


ওই শিক্ষার্থীর দাবি, ইট-পাটকেলের আঘাতে ঢাকা কলেজের বাসটির জানালার কাচ ভেঙে যায়। পরে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের হামলায় ঢাকা কলেজের তিনজন শিক্ষার্থী আহত হন।


অন্যদিকে নাম প্রকাশ না করার শর্তে আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী বলেন, ঢাকা কলেজের শিক্ষার্থীরা অকারণে তাঁদের ওপর হামলা করতে এসেছিলেন। তাঁদের হামলায় আইডিয়াল কলেজের পাঁচজনের বেশি শিক্ষার্থী আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।


দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা নতুন নয়। গত বছর অন্তত ১৫ বার তাঁরা সংঘর্ষে জড়িয়েছিলেন। গত বছরের ৯ নভেম্বর সায়েন্স ল্যাব এলাকায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে নিউমার্কেট থানা-পুলিশের মধ্যস্থতায় আর মারামারি না করার মৌখিক ‘শান্তিচুক্তি’ হয়েছিল। সেদিন শিক্ষার্থীরা ‘ভাই ভাই’ স্লোগানও দিয়েছিলেন।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.