পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

মতিঝিল মেট্রোস্টেশনের নিচ থেকে বোমা উদ্ধার

ছাতার ভেতরে কে বা কারা এই বোমা রেখেছিল, তাদের শনাক্ত করতে পুলিশসহ বিভিন্ন সংস্থা কাজ করছে

নিজস্ব প্রতিবেদক ঢাকা
রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচের সড়ক থেকে এই বোমা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় বোমাটি নিষ্ক্রিয় করা হয়েছে
রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচের সড়ক থেকে এই বোমা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় বোমাটি নিষ্ক্রিয় করা হয়েছে | ছবি: ডিএমপির সৌজন্যে

রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচ থেকে একটি ছাতার ভেতরে রাখা বোমা উদ্ধার করেছে পুলিশ। পরে সেটি নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের বোমা উদ্ধার ও ধ্বংসকারী দল। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া বস্তুটি হাতে তৈরি বিশেষ ধরনের বিস্ফোরক (আইইডি)।


ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মতিঝিল মেট্রোস্টেশনের নিচের সড়কে একটি ছাতার ভেতরে বোমাটি রাখা ছিল। এটি দেখে পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ সদস্যরা গিয়ে এলাকাটি ঘিরে রাখেন। পরে ডিএমপির বোমা উদ্ধার ও ধ্বংসকারী দল ঘটনাস্থলে গিয়ে সেটি নিষ্ক্রিয় করে। এ ঘটনার কারণে ওই সড়কে কিছুক্ষণের জন্য যানবাহন চলাচল বন্ধ থাকে।


ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী জানান, উদ্ধার করা বোমাটি হাতে তৈরি বিশেষ বিস্ফোরক প্রকৃতির। এটি সেখান থেকে সরিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে। ছাতার ভেতরে কে বা কারা এই বোমা রেখেছিল, তাদের শনাক্ত করতে পুলিশসহ বিভিন্ন সংস্থা কাজ করছে।


বোমাটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করার সময় মিরাজ আহমেদ (৩৩) নামের এক পথচারী আহত হয়েছেন। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের কর্মচারী। তাঁকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।


মিরাজের বন্ধু শামসুল হক জানান, মিরাজ আহমেদসহ তাঁরা তিন বন্ধু টিকাটুলীর রাজধানী মার্কেট থেকে কেনাকাটা করে ফিরছিলেন। রাত আটটার দিকে রিকশায় মতিঝিল মেট্রোরেলের নিচে পৌঁছানোর পরপরই হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় বোমার ভাঙা অংশ বা কুচি মিরাজের বাঁ চোখে লাগে। চিকিৎসার জন্য তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে শেরেবাংলা নগরের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়। মিরাজ মতিঝিলের আরামবাগে থাকেন।


এ বিষয়ে জানতে চাইলে পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, বোমা নিষ্ক্রিয় করার সময় আহত ব্যক্তি হয়তো ঘটনাস্থলের কাছাকাছি ছিলেন। ওই সময় তাঁর চোখে বোমার ভাঙা অংশ বা কুচি লাগতে পারে।


এই পুলিশ কর্মকর্তা আরও জানান, বোমা উদ্ধারের পর পুরো এলাকায় আর কোনো বিস্ফোরক আছে কি না, তা তল্লাশি করে দেখেছে ডিএমপির গন্ধ শুঁকে বস্তু শনাক্তকারী কুকুরের দল (ডগ স্কোয়াড)। এ ঘটনায় মতিঝিল থানায় মামলা করার প্রক্রিয়া চলছে।


ডিএমপির কয়েকজন পুলিশ কর্মকর্তা জানান, মতিঝিল মেট্রোস্টেশনের নিচের সড়ক দিয়ে উল্টো রথযাত্রার শোভাযাত্রা পার হওয়ার পর ছাতায় রাখা ওই বস্তুটি সেখানে দায়িত্বে থাকা আনসার সদস্যদের নজরে আসে।


ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানায়, শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে মতিঝিল স্টেশনের নিচতলায় জেনারেটর কক্ষের পাশে একটি সন্দেহজনক বস্তু দেখতে পাওয়া যায়। ঘটনাস্থলে একটি ছাতা ও একটি বালতি রাখা ছিল। ছাতার ভেতরে আলো জ্বলতে থাকায় বস্তুটি সন্দেহজনক বলে মনে হয়। মেট্রোরেলে দায়িত্বরত আনসার সদস্য বিষয়টি তাৎক্ষণিকভাবে স্টেশন কর্মকর্তা ও মেট্রোরেল পুলিশকে জানান।


খবর পেয়ে মতিঝিল থানা-পুলিশ, মেট্রোরেল পুলিশ ও আনসার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেন। পরে ডিএমপির বোমা উদ্ধার ও ধ্বংসকারী দল এবং গোয়েন্দা পুলিশ ঘটনাস্থলে এসে পরীক্ষা-নিরীক্ষা শেষে বোমা শনাক্ত করে এবং নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে সেটি নিষ্ক্রিয় করে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

How did this article make you feel?

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.