রাজধানীর ৩ স্থানে ককটেল বিস্ফোরণ
উড়ালসড়কের প্রবেশমুখের নিরাপত্তা ক্যামেরার ধারণ করা দৃশ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় কেউ হতাহত হয়নি। শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত এসব ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
দুপুরে জুমার নামাজের পর মালিবাগ রেলগেট-সংলগ্ন সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিরুল ইসলাম বলেন, জুমার নামাজের পরপরই উড়ালসড়কের ওপর থেকে ককটেল ছোড়া হয়েছে। কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তা জানার চেষ্টা চলছে। উড়ালসড়কের প্রবেশমুখের নিরাপত্তা ক্যামেরার ধারণ করা দৃশ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
এ ছাড়া সন্ধ্যা ৬টার দিকে আগারগাঁওয়ের বেতার ভবনের সামনে আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ বিষয়ে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, ‘আগারগাঁওয়ে বেতার ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরণের খবর পেয়েছি। পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শনে গেছে। বিস্তারিত তথ্য এখনো পাইনি।’
এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহাখালী এলাকায় আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বনানী থানার কর্তব্যরত উপপরিদর্শক মো. তারেক বলেন, মহাখালী উড়ালসড়কের ওপর থেকে নিচে একটি ককটেল ছোড়া হয়েছে। কে বা কারা ককটেল ছুড়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ কাজ করছে।
গত মঙ্গলবার জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ড ঘোষণা করে রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এর কয়েক ঘণ্টা পর সর্বোচ্চ আদালতের প্রধান ফটকের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে ওই দিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরপর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।