পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

কুষ্টিয়া সরকারি কলেজে মাদকবিরোধী অভিযানে হামলা, ৩ পুলিশ আহত

তবে আহত তথ্যদাতার নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি

প্রতিনিধি কুষ্টিয়া
কুষ্টিয়া সরকারি কলেজে মাদকবিরোধী অভিযানে গিয়ে আহত হন ডিবি পুলিশের তিন সদস্য। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেন অতিরিক্ত পুলিশ সদস্যরা। মঙ্গলবার রাতে কলেজ ক্যাম্পাসে
কুষ্টিয়া সরকারি কলেজে মাদকবিরোধী অভিযানে গিয়ে আহত হন ডিবি পুলিশের তিন সদস্য। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেন অতিরিক্ত পুলিশ সদস্যরা। মঙ্গলবার রাতে কলেজ ক্যাম্পাসে | ছবি: ভিডিও থেকে

কুষ্টিয়া সরকারি কলেজে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার তিন সদস্য। এ ঘটনায় পুলিশের এক তথ্যদাতাও আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে কলেজ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।


আহত পুলিশ সদস্যরা হলেন গোয়েন্দা শাখার উপপরিদর্শক জনি ও জিহাদ এবং কনস্টেবল ইমরান। তবে আহত তথ্যদাতার নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


গতকাল রাত ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) ফয়সাল মাহমুদ। তিনি বলেন, মাদকবিরোধী অভিযানে গেলে সেখানে কিছু লোক জড়ো হয়ে পুলিশের ওপর চড়াও হয়। আহত চারজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তাঁরা পুলিশ সুপারের কার্যালয়ে যান।


জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে জানিয়ে ফয়সাল মাহমুদ বলেন, গতকাল রাত পর্যন্ত জড়িত কাউকে আটক করা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হামলায় আহত ব্যক্তিদের একজন। ছবি: ভিডিও থেকে নেওয়া

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযান চালাতে যায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় তাঁদের সঙ্গে পুলিশের একজন তথ্যদাতাও ছিলেন। সেখানে কয়েকজন ব্যক্তির সঙ্গে পুলিশ সদস্যদের বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতি হয়। এতে পুলিশের তিন সদস্য ও তথ্যদাতা আহত হন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।


আহত পুলিশ সদস্যরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে নিশ্চিত করেছেন হাসপাতালটির আবাসিক চিকিৎসা কর্মকর্তা ইকবাল হাসান।


এদিকে কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আবদুল লতিফ জানান, পুলিশকে আগেই কলেজ চত্বরের কয়েকটি জায়গায় মাদকবিরোধী অভিযান চালাতে বলা হয়েছিল। অভিযানের সময় তাঁকে বা উপাধ্যক্ষকে জানানোর অনুরোধও করা হয়েছিল। কিন্তু পুলিশ অভিযান চালালেও তাঁদের জানানো হয়নি।


অধ্যক্ষের ভাষ্য, বিষয়টি জানানো হলে হয়তো অপ্রীতিকর ঘটনাটি ঘটত না। কারণ, পুলিশ সাদাপোশাকে ছিল। তাঁদের সঙ্গে কোনো শিক্ষক থাকলে ভালো হতো। সব মিলিয়ে বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে। কারা এবং কী ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।


সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে এ বিষয়ে বিস্তারিত জেনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.