পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

বরিশাল বিশ্ববিদ্যালয়ে তিন কর্মকর্তাকে মারধর করে প্রক্টর কার্যালয়ে নিয়ে পুলিশে সোপর্দ

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপপ্রধান প্রকৌশলী মুর্শিদ আবেদিনকেও টেনেহিঁচড়ে প্রক্টর কার্যালয়ে নেওয়ার চেষ্টা করা হয়। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন।

প্রতিনিধি বরিশাল
বরিশাল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাসহ চারজনকে পুলিশে সোপর্দ করা হয়েছে
বরিশাল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাসহ চারজনকে পুলিশে সোপর্দ করা হয়েছে | ছবি: পদ্মা ট্রিবিউন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তিন কর্মকর্তাকে মারধর করে প্রক্টর কার্যালয়ে নিয়ে যান ছাত্রদলের একাংশের নেতা-কর্মীরা। পরে তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।


এ সময় বিশ্ববিদ্যালয়ের উপপ্রধান প্রকৌশলী মুর্শিদ আবেদিনকেও টেনেহিঁচড়ে প্রক্টর কার্যালয়ে নেওয়ার চেষ্টা করা হয়। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন।


এদিকে এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী ক্যাম্পাসের কার্যালয় ছেড়ে চলে যান। পরে কয়েকটি কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। বুধবার দুপুরে এসব ঘটনা ঘটে।


বেলা দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর থেকে তিন কর্মকর্তাকে ধরে প্রক্টর কার্যালয়ে নিয়ে যান ছাত্রদলের ওই নেতা-কর্মীরা। এ সময় আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিয়ে তাঁরা ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।


প্রক্টর কার্যালয় সূত্রে জানা যায়, শিক্ষার্থীরা যাঁদের প্রক্টর কার্যালয়ে সোপর্দ করেছেন, তাঁরা হলেন বিশ্ববিদ্যালয়ের অর্থ দপ্তরের অতিরিক্ত পরিচালক সুব্রত কুমার বাহাদুর, উপপরিচালক আতিকুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের উপনিবন্ধক আবু হাসান এবং নিবন্ধক দপ্তরের অফিস সহায়ক আরিফ হোসেন।


এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের উপপ্রধান প্রকৌশলী মুর্শিদ আবেদিনকেও টেনেহিঁচড়ে প্রক্টর কার্যালয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান। পরে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের খোঁজাখুঁজি করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। এতে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


আটক কর্মকর্তাদের অভিযোগ, তাঁদের নিজ নিজ কর্মস্থল থেকে মারধর করে প্রক্টর কার্যালয়ে নিয়ে আটকে রাখা হয়। এ সময় কয়েকজন কর্মকর্তার চশমা ভেঙে যায় এবং কারও কারও শার্ট ছিঁড়ে যায়।


নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ে কর্মরত কয়েকজন কর্মকর্তা জানান, এ ঘটনার পর তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। নিরাপত্তাহীনতা বোধ করায় তাঁদের কেউ কেউ কার্যালয় ছেড়ে ক্যাম্পাস থেকে চলে যান। এদিকে কয়েকটি দপ্তরে ভাঙচুর করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি করেছেন। তবে ওই শিক্ষার্থীরা নাম প্রকাশ করে বিস্তারিত কিছু বলতে চাননি।


এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করে দেশকে বিভিন্নভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। বাংলাদেশের সাধারণ মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী ফ্যাসিস্টদের দোসররা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এসব তৎপরতা ঠেকাতে তাঁদের ধরে প্রক্টর কার্যালয়ে সোপর্দ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এক কর্মকর্তা মারধর করা হয়েছে। বুধবার দুপুরে। ছবি : সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান বলেন, ‘সারা দেশে পতিত ফ্যাসিস্ট শক্তি বিচ্ছিন্নভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। আমাদের বিশ্ববিদ্যালয়েও এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশের জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদের বিরুদ্ধে মামলা করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’


বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সনজিত চন্দ্র দাস সন্ধ্যায় জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে তাঁদের কাছে হস্তান্তর করেছে। তাঁদের বিরুদ্ধে মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন।


জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মামুন অর রশিদ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বলেন, এ ধরনের অভিযোগ থাকলে প্রক্টরকে পুলিশের সহায়তা নিতে বলা হয়েছে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.