পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

বরিশালে গ্রামীণ ব্যাংক ও বিএম কলেজে অগ্নিসংযোগ, ভাঙচুর

মঙ্গলবার গভীর রাতে পৃথক এ দুটি ঘটনা ঘটে। তবে দ্রুত আগুন নেভানোয় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।

প্রতিনিধি বরিশাল
গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে দাহ্য পদার্থ ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা
গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে দাহ্য পদার্থ ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা | ছবি: পদ্মা ট্রিবিউন

বরিশাল নগরীতে গ্রামীণ ব্যাংকের জোনাল অফিস ভবন এবং সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সামনে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে পৃথক এ দুটি ঘটনা ঘটে। তবে দ্রুত আগুন নেভানোয় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।


ঢাকা-বরিশাল মহাসড়কের নগর অংশটি সিঅ্যান্ডবি রোড নামে পরিচিত। এই সড়কের পাশে চারতলা ভবনের পুরোটাই গ্রামীণ ব্যাংকের কার্যালয়। ভবনটির নিচতলার প্রবেশপথে দাহ্য পদার্থ ঢেলে আগুন দেওয়া হয়েছিল।


আজ বুধবার দুপুরে ওই কার্যালয়ে গিয়ে কথা হয় নৈশপ্রহরী মো. জিসানের সঙ্গে। তিনি জানান, রাত সাড়ে চারটার পর কার্যালয়ের ভেতরে গিয়ে ঘুমান তিনি। কিছুক্ষণ পর ধোঁয়া গন্ধ পেয়ে দরজা খুলে দেখেন, প্রবেশপথের বারান্দায় আগুন জ্বলছে। বাইরে থেকে গ্রিলের ফাঁক দিয়ে পেট্রল ঢেলে আগুন দেওয়া হতে পারে বলে তাঁর ধারণা। পরে তিনি একাই আগুন নিভিয়ে ফেলেন এবং কর্মকর্তাদের খবর দেন।


এদিকে গ্রামীণ ব্যাংকের কোনো কর্মকর্তা এ বিষয়ে কথা বলতে রাজি হননি। জোনাল অফিসের কর্মকর্তা পরিচয় দেওয়া আবুল বাশার বলেন, গণমাধ্যমের সঙ্গে কথা বলতে প্রধান কার্যালয় থেকে নিষেধ করা হয়েছে।


অন্যদিকে বিএম কলেজ সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে ১৫ থেকে ২০ জন যুবক মসজিদ গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন। ব্যর্থ হয়ে তাঁরা অধ্যক্ষের বাসভবনের সামনে থাকা নামফলক ভেঙে ফেলেন। কলেজ সূত্র জানায়, হামলাকারী যুবকেরা গেটের কাছে দাহ্য পদার্থ ঢেলে অগ্নিসংযোগ করেছিলেন।


কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. মাহমুদুল ইসলাম বলেন, রাত তিনটার দিকে একদল অজ্ঞাতপরিচয় যুবক বিশৃঙ্খলা করতে কলেজে ঢোকার চেষ্টা করেছিলেন। ভেতরে ঢুকতে ব্যর্থ হয়ে তাঁরা বাসভবনের নামফলক ভেঙে ফেলেন। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবে।


বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, গ্রামীণ ব্যাংকের জোনাল অফিসের ঘটনায় এরিয়া ম্যানেজার সাজ্জাদ হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা করেছেন। তবে বিএম কলেজের ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.