পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন

চারতলা একটি ভবনে শাখার কার্যক্রম পরিচালিত হয়

প্রতিনিধি চট্টগ্রাম
আগুনে পুড়ছে গ্রামীণ ব্যাংকের একটি শাখার ফটক। গতকাল রাতে চট্টগ্রামের সাতকানিয়ায়
আগুনে পুড়ছে গ্রামীণ ব্যাংকের একটি শাখার ফটক। গতকাল রাতে চট্টগ্রামের সাতকানিয়ায় | ছবি: ভিডিও থেকে

চট্টগ্রামের সাতকানিয়ায় রাতের আঁধারে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে দ্রুত আগুন নিভিয়ে ফেলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলা পরিষদের পাশে অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে।


গ্রামীণ ব্যাংকের সাতকানিয়া শাখার ব্যবস্থাপক মীর লায়েক আলী বলেন, চারতলা একটি ভবনে শাখার কার্যক্রম পরিচালিত হয়। রাতে ভবনটিতে একজন নিরাপত্তাকর্মীসহ ১২ জন ছিলেন। রাত দুইটার দিকে ভবনের মূল ফটকে আগুন দেওয়া হয়। তবে ভবনে থাকা নিরাপত্তাকর্মী আগুন দেখতে পেয়ে দ্রুত অন্যদের জানান। এরপর সবার চেষ্টায় ১০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।


মীর লায়েক আলী বলেন, ‘ভবনে কোনো নিরাপত্তা ক্যামেরা নেই, তাই আগুন লাগিয়ে দেওয়া ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। আগুনে শুধু মূল ফটক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনের ভেতরে থাকা টেবিল, আসবাব ও অন্যান্য মালামাল অক্ষত রয়েছে।’


পুলিশ জানায়, ভবনের মূল ফটকের পাশে দুটি বোতল পাওয়া গেছে। এসব বোতল দেখে ধারণা করা হচ্ছে, বাইরে থেকে জ্বালানি এনে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।


জানতে চাইলে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আলীম বলেন, ‘বোতলে করে জ্বালানি এনে ফটকে আগুন দিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় ভবনের ভেতরে আগুন ছড়িয়ে পড়েনি। আশপাশের নিরাপত্তা ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। এরপর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.