পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

সাতকানিয়ায় আওয়ামী লীগ কর্মীকে লক্ষ্য করে গুলি

প্রতিনিধি চট্টগ্রাম
সাতকানিয়ায় গুলিবিদ্ধ আওয়ামী লীগ কর্মী এনায়েত আলী
সাতকানিয়ায় গুলিবিদ্ধ আওয়ামী লীগ কর্মী এনায়েত আলী | ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়ায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক কর্মী আহত হয়েছেন। গতকাল সোমবার রাত ১১টার দিকে উপজেলার আমিলাইশ ইউনিয়নের পশ্চিম পাড়া সোলতান আহমদের বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।


আহত আওয়ামী লীগ কর্মীর নাম এনায়েত আলী, তাঁর বয়স ৫৫ বছর। তিনি ওই এলাকার বাসিন্দা। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য লোকমান হাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


লোকমান হাকিম বলেন, এনায়েত আলী গ্রামের দোকান থেকে বাড়িতে ফিরছিলেন। বাড়ির পাশে আগে থেকে ওত পেতে থাকা ১০ থেকে ১২ সদস্যের একদল সশস্ত্র দুর্বৃত্ত তাঁর ওপর এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলির আওয়াজ শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে এনায়েত আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হওয়ায় বর্তমানে তাঁকে ঢাকায় পাঠানো হচ্ছে।


এনায়েত আলীর ছোট ভাই লিয়াকত আলী বলেন, ‘এলাকায় মসজিদ নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে আমার ভাইয়ের বিরোধ চলছে। এ ছাড়া রাজনৈতিক কারণেও তাঁর ওপর হামলা হয়ে থাকতে পারে। তিনি হাতে, পায়ে ও বুকে গুলিবিদ্ধ হয়েছেন।’


সাতকানিয়া থানার উপপরিদর্শক রাসেল মিয়া বলেন, ‘খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায় এবং অভিযান চালিয়ে মো. রায়হান নামের স্থানীয় এক তরুণকে আটক করে। আটক রায়হানের বয়স ২৬ বছর। হামলাকারীদের ছোড়া ছররা গুলিতে এনায়েত আলী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

বাংলাদেশ থেকে আরও পড়ুন

How did this article make you feel?

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.