পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

ঝিরিতে মিলল যুবদল নেতার লাশ, শরীরে আঘাতের চিহ্ন

কসাইপাড়া বান্দরবান বাসস্টেশনের অদূরে বান্দরবান-চট্টগ্রাম সড়কের পাশে অবস্থিত

প্রতিনিধি বান্দরবান
স্থানীয় বাসিন্দাদের তথ্যের ভিত্তিতে ঝিরি থেকে যুবদল নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। রোববার সকালে বান্দরবান জেলা শহরের কসাইপাড়া এলাকায়
স্থানীয় বাসিন্দাদের তথ্যের ভিত্তিতে ঝিরি থেকে যুবদল নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। রোববার সকালে বান্দরবান জেলা শহরের কসাইপাড়া এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন

বান্দরবান জেলা শহরের কসাইপাড়া এলাকার পাহাড়ি খাদের একটি ঝিরি থেকে মো. শরীফ (৩৩) নামের এক যুবদল নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। কসাইপাড়া বান্দরবান বাসস্টেশনের অদূরে বান্দরবান-চট্টগ্রাম সড়কের পাশে অবস্থিত।


নিহত শরীফ জেলার পৌর যুবদলের ৯ নম্বর ওয়ার্ডের তালুকদারপাড়া ব্লকের যুগ্ম আহ্বায়ক বলে জানিয়েছেন সংগঠনের নেতারা। তিনি শহরের মেঘলা পর্যটন এলাকার ভাণ্ডারিপাড়ার মো. জহিরের ছেলে।


পুলিশ জানায়, মো. শরীফের হাত, পা ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ছাড়া তাঁর নাক ও মুখ দিয়ে রক্ত ঝরছিল। তিনি পাহাড় থেকে ঝিরিতে পড়ে মারা গেছেন, নাকি কেউ তাঁকে হত্যা করেছে, তা তদন্ত করা হচ্ছে।


স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে কয়েকজন নারী ঝিরি থেকে পানি আনতে গিয়ে সেখানে একটি লাশ ভাসতে দেখেন। পরে তাঁরা বিষয়টি পাড়ার লোকজনকে জানান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে গভীর পাহাড়ি খাদ থেকে লাশটি উদ্ধার করেন।


বান্দরবান পৌর যুবদলের সভাপতি মোহাম্মদ আরিফ বলেন, লাশ উদ্ধারের পর তাঁরা শরীফকে শনাক্ত করেছেন। রাতে ভাণ্ডারিপাড়া থেকে কীভাবে শরীফ কসাইপাড়ায় এলেন, তা রহস্যজনক। প্রায় ১৫০ ফুট খাড়া পাহাড় থেকে ঝিরির খাদে পড়ে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তাঁকে জোর করে নিয়ে না গেলে সেখানে তাঁর যাওয়ার সুযোগ ছিল না।


বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ বলেন, উদ্ধার করা লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর নাক ও মুখ দিয়ে রক্ত বের হয়েছে। শরীরের বাঁ পাশে ক্ষত রয়েছে। পাহাড় থেকে খাদে পড়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তিনি নিজে পড়ে গেছেন, নাকি তাঁকে ফেলে দেওয়া হয়েছে, তা তদন্তের পর জানা যাবে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.