খাগড়াছড়িতে বিআরটিসি বাসে অগ্নিকাণ্ড, প্রাণ বাঁচাতে লাফ দিলেন চালকের সহকারী
পুলিশের দাবি, দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে।
খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসির একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার ভোর চারটার দিকে জেলা সদরের মহাজনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে।
অগ্নিকাণ্ডের সময় বাসটির ভেতরে চালকের সহকারী ঘুমাচ্ছিলেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। আগুন লাগার পর তিনি লাফ দিয়ে নিচে নেমে আসায় প্রাণে বেঁচে যান।
ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ মিটার দূরে ফায়ার সার্ভিসের কেন্দ্র। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এরপর ১০ মিনিটের মধ্যেই তারা আগুন নিয়ন্ত্রণে আনে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের কেন্দ্রের কর্মকর্তা মুকুল কুমার নাথ বলেন, বাসটির চালকের সহকারী ভেতরে ঘুমাচ্ছিলেন। ভোর চারটার দিকে বাসের ভেতর থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে। এ সময় বাসটির ভেতরে চালকের সহকারী ছিলেন। আগুন লাগার পর তিনি জানালা দিয়ে লাফ দিয়ে নিচে নেমে আসেন। নিরাপত্তা ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।