পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

রংপুরে ক্যাডেট কোচিংয়ের বাসে আগুন

বুধবার ভোর সাড়ে তিনটার দিকে নগরীর পর্যটন মোটেলের সামনে এ ঘটনা ঘটে।

প্রতিনিধি রংপুর
রংপুরে লুমিনাস ক্যাডেট কোচিংয়ের পুড়ে যাওয়া বাস
রংপুরে লুমিনাস ক্যাডেট কোচিংয়ের পুড়ে যাওয়া বাস | ছবি: পদ্মা ট্রিবিউন

রংপুর নগরীতে একটি ক্যাডেট কোচিং সেন্টারের সামনে পার্কিং করে রাখা শিক্ষার্থী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে যানটির প্রায় পুরো অংশ পুড়ে গেছে। আজ বুধবার ভোর সাড়ে তিনটার দিকে নগরীর পর্যটন মোটেলের সামনে এ ঘটনা ঘটে।


খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। কে বা কারা এতে আগুন দিয়েছে, তা এখনো জানা যায়নি।


বাসচালক আখতার হোসেন জানান, গত ১৪ নভেম্বর শিল্পকলা একাডেমিতে লুমিনাস ক্যাডেট কোচিংয়ের একটি অনুষ্ঠান ছিল। সেদিন শিক্ষার্থীদের নামিয়ে দিয়ে বাসটি প্রতিষ্ঠানের সামনে রাখা হয়। আজ ভোররাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে এসে দেখেন, সেটির বেশির ভাগ অংশ পুড়ে গেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।


কোচিং সেন্টারের শিক্ষক শিপন মিয়া বলেন, তাঁর বাসা প্রতিষ্ঠানের পাশেই। ভোররাতে চিৎকার শুনে বাইরে বেরিয়ে বাসটিতে আগুন জ্বলতে দেখেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তা নেভান।


কোচিং সেন্টারের পরিচালক নাহিদ ইকবাল মাসুম বলেন, শিক্ষার্থীদের আনা-নেওয়ার পর প্রতিদিন বাসটি প্রতিষ্ঠানের সামনেই রাখা হতো। গতকালও সেখানেই ছিল। রাতে খবর পেয়ে এসে দেখেন, সেটি পুড়ে গেছে। কারা এমন ঘটনা ঘটিয়েছে, তা তিনি বুঝতে পারছেন না।


পাশের একটি মাদ্রাসার শিক্ষক এনামুল হক জানান, গভীর রাতে মাদ্রাসার পাশ থেকে বাসটিতে আগুন জ্বলতে দেখেন তিনি। পরে বাইরে এসে সেটি লুমিনাস ক্যাডেট কোচিংয়ের বলে শনাক্ত করেন। তবে কাউকে আগুন দিতে দেখেননি।


রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, ‘এ ঘটনায় এখনো মামলা হয়নি। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি।’

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.