পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

দীপু মনি, রেজাউল করিম, শামীম ওসমান ও হাবিবে মিল্লাতের পরিত্যক্ত বাড়িতে আগুন

এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট দীপু মনির ওই বাসায় আগুন দিয়ে সবকিছু পুড়িয়ে দেওয়া হয়।

প্রতিনিধি নারায়ণগঞ্জ, চাঁদপুর, পিরোজপুর ও সিরাজগঞ্জ
রাতে চাঁদপুর শহরের নতুন বাজার কদমতলা মার্কেটের তৃতীয় তলায় দীপু মনির পরিত্যক্ত বাসায় আগুন দেয় দুর্বৃত্তরা
রাতে চাঁদপুর শহরের নতুন বাজার কদমতলা মার্কেটের তৃতীয় তলায় দীপু মনির পরিত্যক্ত বাসায় আগুন দেয় দুর্বৃত্তরা | ছবি: পদ্মা ট্রিবিউন

চাঁদপুরে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির পরিত্যক্ত বাসায় বুধবার রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এদিকে পিরোজপুরের নাজিরপুরে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমের দুটি বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন এবং নারায়ণগঞ্জে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।


এ ছাড়া বিকেলে সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয় ও সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাতের বাড়িতেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।


চাঁদপুর সদর মডেল থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত নয়টার দিকে চাঁদপুর শহরের নতুন বাজার কদমতলা মার্কেটের তৃতীয় তলায় দীপু মনির পরিত্যক্ত বাসায় কে বা কারা আগুন লাগিয়ে দেয়। এতে ওই ভবনের ওপরের ও নিচতলায় বসবাসকারী লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। তবে আগুন লাগার ঘটনায় নতুন করে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট দীপু মনির ওই বাসায় আগুন দিয়ে সবকিছু পুড়িয়ে দেওয়া হয়।

এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর গ্রামের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত সাড়ে নয়টার দিকে চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।


জানতে চাইলে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, এ বিষয়ে তাঁরা কোনো খবর পাননি।


কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সাড়ে আটটার দিকে নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকার হাজী বাদাস রোডে ছাত্রদলের ১৫ থেকে ২০ জন নেতা–কর্মী মশালমিছিল নিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বাড়ির সামনে যান। এ সময় তাঁরা শামীম ওসমানের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে বাড়ির ফটকের সামনে আগুন জ্বালান এবং বাড়ির ভেতরেও আগুন দেওয়ার চেষ্টা করেন। এ ছাড়া ওই বাড়ির সামনে শামীম ওসমানের কুশপুত্তলিকা দাহ করা হয়।


মহানগর ছাত্রদলের সাবেক সদস্য রিফাত হোসেন বলেন, শামীম ওসমান ও তাঁর অনুসারীরা যাতে নারায়ণগঞ্জে কোনো নাশকতা করতে না পারেন, সেই বার্তা দিতেই তাঁর বাড়ির ফটকে আগুন দিয়েছেন।


শামীম ওসমান কার্যক্রম নিষিদ্ধ নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর তিনি ও তাঁর পরিবারের সদস্যরা দেশ ছেড়ে চলে যান। ওই দিন তাঁর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এরপর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।


এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম বলেন, ‘বিষয়টি জানা নেই। খোঁজখবর নেওয়া হচ্ছে।’


নাজিরপুর থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ৫০ থেকে ৬০ জনের একটি দল উপজেলার মাটিভাঙা ইউনিয়নের তারাবুনিয়া গ্রামে সাবেক মন্ত্রী এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক রেজাউল করিমের দুটি বাড়িতে হামলা চালায়। এর প্রায় আধা ঘণ্টা পর উপজেলা সদরে তাঁর অন্য বাড়িটিতে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়া হয়। তবে আগুন নেভানোর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে যায়।


নাজিরপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।


কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে সিরাজগঞ্জ পৌর শহরের হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়ক এলাকায় কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেওয়া হয় এবং হাতুড়ি দিয়ে কার্যালয়টির বিভিন্ন অংশ ভাঙচুর করা হয়। পরে সন্ধ্যায় একই সড়কে সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাতের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয় ও হাবিবে মিল্লাতের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটল।


এ ঘটনার সঙ্গে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান।


সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল হাসান বলেন, আগুন বেশিক্ষণ স্থায়ী হয়নি। বিষয়টি জানার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনে পরিস্থিতি শান্ত করা হয়েছে। বর্তমানে শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে ঘোষিত ১৯ নভেম্বরের দেশব্যাপী অবরুদ্ধ কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকানোর লক্ষ্যে বিকেলে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে বিএনপি। কামারখন্দ উপজেলার শহীদুল বুলবুল কারিগরি কলেজ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এতে বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।


এর আগে বুধবার ভোরে শহরের ইবি রোডে জেলা বিএনপি কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অবরুদ্ধ কর্মসূচির সমর্থনে একটি ব্যানার টাঙিয়ে দেন ছাত্রলীগের নেতা–কর্মীরা।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.