নারায়ণগঞ্জে গভীর রাতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা নীলাচল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত দুইটার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের এসও ঈদগাহ মাঠসংলগ্ন নতুন রাস্তায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চিটাগাংরোড থেকে পাটুরিয়া রুটে চলাচলকারী নীলাচল পরিবহনের বাসটি সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। রাত আনুমানিক ১টা ৩৫ মিনিট থেকে ২টার মধ্যে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়। মুহূর্তের মধ্যে আগুন বাসটির বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আদমজী স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাসের সিটসহ বিভিন্ন অংশ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, আগুনে বাসের সিটসহ বিভিন্ন অংশ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা নিরাপত্তা ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’