সাভারে শ্রমিক আন্দোলনের সময় হামলায় আহত শ্রমিকের মৃত্যু
সাভারের আউকপাড়া এলাকায় ট্রেন্ট সুজ লিমিটেড নামের একটি কারখানায় কনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করতেন তিনি
ঢাকার সাভারে বহিরাগতদের হামলায় আহত এক শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল রোববার রাত তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে পরিবার।
নিহত শ্রমিকের নাম মো. সেলিম (২৩)। তিনি মাদারীপুরের কালকিনি উপজেলার কানাইপুর গ্রামের মোহাম্মদ রহিমের ছেলে। সাভারের আউকপাড়া এলাকায় ট্রেন্ট সুজ লিমিটেড নামের একটি কারখানায় কনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করতেন তিনি।
ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবিতে শ্রমিক অসন্তোষের সময় ৪ নভেম্বর সাভারের আউকপাড়া এলাকায় বহিরাগতদের হামলায় আহত হন সেলিম। ওই ঘটনায় দায়ের করা মামলায় সোমবার পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সেলিমের পরিবারের সদস্য ও কারখানার কর্মকর্তারা জানান, ৪ নভেম্বর আউকপাড়া এলাকার চামড়াজাত পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ট্রেন্ট সুজ লিমিটেডে কাজ করছিলেন শ্রমিকেরা। এ সময় বহিরাগত একদল লোক আশপাশের বিভিন্ন কারখানায় হামলা চালায়। এমন পরিস্থিতিতে ওই দিন দুপুর সাড়ে ১২টার দিকে অন্য প্রতিষ্ঠানের সঙ্গে এই কারখানাতেও ছুটি ঘোষণা করা হয়।
কারখানা থেকে শ্রমিকেরা বেরিয়ে যাওয়ার সময় সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন সেলিম। এ সময় হঠাৎ এক ব্যক্তি রডজাতীয় কিছু দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। হামলাকারীরা কারখানার আরও দুই শ্রমিক মো. রাকিব (২৪) ও লিমনকে (২৫) মারধর করেন।
গুরুতর আহত সেলিমকে প্রথমে সাভারের বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত তিনটার দিকে তাঁর মৃত্যু হয়।
নিহত সেলিমের বাবা মোহাম্মদ রহিম সকালে বলেন, ‘সেদিন (৪ নভেম্বর) যখন ছুটি দিছে ১০-১২ জন পোলাপান আইসা ওগোরে হামলা করছে। তিন জন আহত হইছে, আমার ছেলেটা একটু বেশি। লোহার কিছু একটা দিয়া মারছে। এর পর অজ্ঞান হইয়া যায়। ঢাকা মেডিকেলে রাইতে মারা গেছে। ছেলেটার লাশ এখন গ্রামের বাড়ি মাদারীপুরে নিয়া যাইবো।’
ট্রেন্ট সুজ লিমিটেডের এক কর্মকর্তা বলেন, আঘাত পাওয়ার পর থেকে সেলিম অচেতন ছিলেন। তাঁকে বাঁচানোর জন্য কারখানার পক্ষ থেকে সব ধরনের চেষ্টা করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি। হামলায় আহত অন্য দুই শ্রমিক সুস্থ আছেন।
হামলার পর ৭ নভেম্বর আশুলিয়া থানায় একটি মামলা হয়েছে জানিয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার অঞ্চল) রাকিবুল হাসান বলেন, ওই মামলার প্রধান আসামি রনজিৎ বিশ্বাসসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।