পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

সাদিক কায়েমের বাড়িতে আগুন, ঘটনাস্থল পরিদর্শনে সেনাবাহিনী

ঘটনার পর সেনাবাহিনীর সদস্যরা বাড়িটি পরিদর্শন করেন এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

প্রতিনিধি খাগড়াছড়ি
ঘটনাস্থল পরিদর্শন করছেন সেনাবাহিনীর সদস্যরা
ঘটনাস্থল পরিদর্শন করছেন সেনাবাহিনীর সদস্যরা | ছবি: পদ্মা ট্রিবিউন

খাগড়াছড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। রোববার রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।


ঘটনার সময় বাড়ির ভেতরে ঘুমিয়ে ছিলেন সাদিক কায়েমের বাবা-মা। বিকট শব্দ শুনে তাঁরা ঘর থেকে বের হয়ে দেয়ালের পাশে আগুন জ্বলতে দেখেন। পরে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।


স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর সেনাবাহিনীর সদস্যরা বাড়িটি পরিদর্শন করেন এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।


এ বিষয়ে নিজের সত্যতা যাচাই করা ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাঁর গ্রামের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করেছে। তাঁর দাবি, বাড়ির চারপাশে পেট্রোলবোমা ছোড়ার পাশাপাশি ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে তা পুরো বাড়িতে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল।


ঘটনার বর্ণনা দিয়ে সাদিক কায়েমের বাবা আবুল কাশেম বলেন, রাত সাড়ে তিনটার দিকে বিকট শব্দ শুনে তিনি ঘর থেকে বের হন। এ সময় বাড়ির দেয়ালের পাশে আগুন জ্বলতে দেখেন। পরে প্রতিবেশীদের ডাকলে তাঁরা এসে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।


আবুল কাশেম বলেন, ‘আমরা ঘরের ভেতরে ঘুমিয়ে ছিলাম। বিকট শব্দ শুনে বের হয়ে দেখি দেয়ালের পাশে আগুন জ্বলছে। প্রতিবেশীদের ডেকে আনার পর তাঁরা আগুন নেভান। ঘুমের মধ্যে বিষয়টি টের না পেলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারত।’


প্রতিবেশীরা জানান, আগুন লাগার খবর পেয়ে তাঁরা দ্রুত বাড়িটিতে ছুটে যান। পরে সবাই মিলে চেষ্টা চালিয়ে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিভিয়ে ফেলেন।


খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে বাড়ির দেয়ালে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টার আলামত দেখা গেছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।


ওসি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত সাদিক কায়েমের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো মামলা করা হয়নি। তাঁদের থানায় এসে আইনগত সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.