টেকনাফে শতাধিক বোমা, বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও অস্ত্র-গুলি উদ্ধার
উদ্ধার হওয়া অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম এবং আটক ব্যক্তিদের বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
কক্সবাজারের টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক বোমা (আইইডি), বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম, দুটি আগ্নেয়াস্ত্র ও ২৫৪টি গুলি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া অভিযানে দুটি অটোরিকশা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে দুই ব্যক্তিকে। গতকাল শনিবার রাত ১০টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রাম এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
বিজিবি জানায়, দেশে বড় ধরনের নাশকতার উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ চক্র মিয়ানমার থেকে এসব বিস্ফোরক, অস্ত্র ও গুলি সংগ্রহ করে চোরাই পথে টেকনাফে নিয়ে এসেছে। গোপন খবরের ভিত্তিতে এসব উদ্ধারে সড়কে তল্লাশিচৌকি বসায় কক্সবাজার রামু সেক্টরের আওতাধীন টেকনাফ ২ বিজিবি। এ সময় অস্ত্র, গুলি ও বিস্ফোরকসহ দুই অটোরিকশাচালককে আটক করা হয়। এসব অস্ত্র, গুলি ও বিস্ফোরক পাচারে ব্যবহৃত দুটি অটোরিকশা ও একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
অভিযানে আটক ব্যক্তিরা হলেন টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুলবিল এলাকার বাসিন্দা মো. ইব্রাহিম ও নতুন পল্লানপাড়া এলাকার বাসিন্দা মেহেদী হাসান। তাঁরা দুজনই অটোরিকশাচালক।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার রামু বিজিবি সেক্টরের কমান্ডার কর্নেল মো. আনোয়ার উল আলম। তিনি বলেন, উদ্ধার হওয়া অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম এবং আটক ব্যক্তিদের বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।