চট্টগ্রামে ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, নেভাল টহল পুলিশ
, বাড়িটির নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে।
চট্টগ্রাম নগরীতে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দেওয়া হয়েছে।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে নগরের পাঁচলাইশ এলাকার বাড়িটিতে আগুন দেওয়া হয়। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক রাতে জানান, বাড়িটির নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে।
বাড়িটির আশপাশের এলাকায় পুলিশের নিয়মিত টহল ছিল জানিয়ে ওসি মোজাম্মেল বলেন, হঠাৎ বাসার নিচতলার পরিত্যক্ত কক্ষে আগুন দেখতে পেয়ে পুলিশ সদস্যরা এগিয়ে আসেন। পরে তাঁরা আগুন নিভিয়ে ফেলেন। ঘটনায় কে বা কারা জড়িত, তা তদন্ত করছে পুলিশ।
এক প্রশ্নের জবাবে ওসি বলেন, ভবনটির নিচতলায় কেউ থাকেন না। এটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। দ্বিতীয় ও তৃতীয় তলায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দুই ভাইয়ের পরিবার থাকে।
ঘটনার পর থেকে ওই বাড়ির আশপাশে পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা মোজাম্মেল।
কয়েক দিন আগে চট্টগ্রামের আনোয়ারা ও সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দেন দুর্বৃত্তরা। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক ইউনূসের মূল পৈতৃক বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে। তাঁর বাবা ছিলেন ব্যবসায়ী। সেই সূত্রে তিনি চট্টগ্রাম শহরের পাঁচলাইশে এই বাড়ি করেন। অধ্যাপক ইউনূসের শৈশব–কৈশোর কেটেছে এই বাড়িতে।
এ ছাড়া সম্প্রতি দেশের আরও বেশ কয়েকটি স্থানে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। গত সোমবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গ তুলে প্রশ্ন করেন একজন সাংবাদিক। জবাবে জাতিসংঘের মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক বলেন, সহিংসতার সব কটি ঘটনা বাংলাদেশের জাতীয় কর্তৃপক্ষের পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা উচিত। তিনি আরও বলেন, বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকার আছে। তবে সেই বিক্ষোভ অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে।