পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

নড়াইলে বিএনপির সন্ত্রাসবিরোধী মিছিলে ‘আওয়ামী লীগের’ হামলা, ২ নেতা নিহত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন এ হামলা চালিয়েছেন

প্রতিনিধি নড়াইল
নিহত শাহিনুর ইসলাম ও সোহেল রানা
নিহত শাহিনুর ইসলাম ও সোহেল রানা | ছবি: সংগৃহীত

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের হামলায় দুজন নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকার বটতলা মোড়ে এ হামলার ঘটনা ঘটে।


নিহত দুজন হলেন কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল রানা (৪৫) ও পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম (৪০)।


মিছিলে থাকা বিএনপি নেতা-কর্মীদের সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে কালিয়া পৌর এলাকায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদী মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। সন্ধ্যার দিকে শোভাযাত্রাটি পৌরসভার বেন্দারচর এলাকায় পৌঁছালে আওয়ামী লীগের লোকজন তাঁদের ওপর হামলা চালান। এতে কালিয়া পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমান, পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম ও উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে শাহিনুর ইসলাম ও সোহেল রানার মৃত্যু হয়।


কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান গতকাল রাতে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন এ হামলা চালিয়েছেন।


কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, মোটরসাইকেল শোভাযাত্রার পেছনে অতর্কিত হামলা করা হয়। এ সময় দলছুট দুজনকে পেয়ে হামলাকারীরা তাঁদের মারধর করেন। পরে তাঁরা দুজন মারা যান। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যারা ধর্মঘটের ডাক দিয়েছেন, তাঁরা এবং তাঁদের সমর্থকেরা এ ঘটনার জন্য দায়ী।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.