পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

টুঙ্গিপাড়া থানা চত্বরে পুড়ল গাড়ি, ঘটনাস্থল থেকে কুন্ডলী পাকিয়ে উঠছে ধোঁয়া

সড়কের ওপর আড়াআড়িভাবে গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে

প্রতিনিধি গোপালগঞ্জ
টুঙ্গিপাড়া উপজেলার গোপালগঞ্জ-পাটগাতী সড়কের কুশলী বাসস্ট্যান্ডের পাশে পড়ে আছে পুড়িয়ে দেওয়া বিজিবির গাড়ি
টুঙ্গিপাড়া উপজেলার গোপালগঞ্জ-পাটগাতী সড়কের কুশলী বাসস্ট্যান্ডের পাশে পড়ে আছে পুড়িয়ে দেওয়া বিজিবির গাড়ি | ছবি: পদ্মা ট্রিবিউন

গোপালগঞ্জ জেলা সদর থেকে টুঙ্গিপাড়া যাওয়ার পথে ঘোনাপাড়া মোড় পেরোতেই সড়কে পড়ে আছে গাছের গুঁড়ি। সড়কের ওপর আড়াআড়িভাবে গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।


কিছুদূর এগিয়ে নীলফা বাজার এলাকায় গোপালগঞ্জ-পাটগাতী সড়কের ওপর পড়ে আছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পুড়ে যাওয়া তিনটি গাড়ির ধ্বংসাবশেষ। পোড়া অংশ ছড়িয়ে-ছিটিয়ে আছে সড়কের ওপর। সেখান থেকে আরও কিছুদূর এগিয়ে কিমাডাঙ্গা মোড়ে অন্তত ৫০০ মিটার সড়কজুড়ে ফেলে রাখা হয়েছে গাছের গুঁড়ি।


এটি বুধবার সকাল আটটার চিত্র। মঙ্গলবার সন্ধ্যার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও আগুন দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীরা। সন্ধ্যার পর তাঁরা মিছিল নিয়ে প্রথমে থানা ঘেরাও করেন। পরে থানায় হামলা চালিয়ে থানা চত্বরে একাধিক গাড়িতে আগুন দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও শব্দবোমা নিক্ষেপ করে।


সরেজমিনে দেখা যায়, থানার ভেতরে পোড়া গাড়ি, আসবাব, কম্পিউটার ও বিভিন্ন সরঞ্জামের ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। থানার ফটক দিয়ে প্রবেশ করতেই বাঁ পাশে পুলিশের একটি গাড়ি দেখা যায়। গাড়িটির পোড়া অংশ থেকে তখনো ধোঁয়া বের হচ্ছিল। পাশে পড়ে ছিল আরেকটি ভ্যানের সামনের অংশ। থানা ভবনের পাশে পড়ে আছে আরেকটি গাড়ির ধ্বংসাবশেষ। গ্যারেজে রাখা আরও দুটি গাড়িও পুড়ে ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।


থানার দক্ষিণ পাশে পুলিশ মেসের সামনে ১০ থেকে ১৫টি ব্যাটারিচালিত ভ্যানে পুলিশ সদস্যদের মালপত্র নিয়ে চলে যেতে দেখা যায়। তাঁদের সঙ্গে ব্যাগ ও ব্যক্তিগত জিনিসপত্র ছিল। এ সময় দুজন ব্যক্তি তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করছিলেন। পরে জানা যায়, ওই দুজনও পুলিশ সদস্যদের চলে যাওয়া ঠেকানোর চেষ্টা করছিলেন।

গোপালগঞ্জ -পাটগাতী সড়কে ফেলে রাখা গাছের গুড়ি। গতকাল সন্ধ্যা থেকে এই সড়কে যান চলাচল বন্ধ আছে। ছবি: পদ্মা ট্রিবিউন

থানার ভেতরে কর্মকর্তাদের কক্ষে ঢুকে দেখা যায়, আগুনে পুড়ে কক্ষগুলোর আসবাব ও সরঞ্জাম নষ্ট হয়ে গেছে। একটি কক্ষে কয়েকটি চেয়ারের শুধু লোহার কাঠামো অবশিষ্ট রয়েছে। রেফ্রিজারেটরও পুড়ে গেছে। মেঝেতে ছড়িয়ে রয়েছে ছাই ও দেয়ালের পলেস্তারা। কর্তব্যরত কর্মকর্তার কক্ষে টেবিলের ওপর পড়ে আছে কাচের টুকরা। পাশে একটি ডেস্কটপ কম্পিউটার ভাঙা অবস্থায় পড়ে আছে। পাশের হাজতখানার দুটি কক্ষের তালা ভাঙা, দরজাও খোলা। ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষের পাশের উপপরিদর্শকদের কক্ষেও ব্যাপক ভাঙচুরের চিহ্ন দেখা গেছে।


দোতলায় পুলিশ সদস্যদের ব্যারাকে পোশাক, তোশক ও কম্বল ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। সেখানে দুজন উপপরিদর্শক (এসআই) অবশিষ্ট কোনো মালামাল পাওয়া যায় কি না, তা খুঁজছিলেন। নিচতলায়ও কয়েকজন পুলিশ সদস্যকে প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজতে দেখা যায়।


টুঙ্গিপাড়া থানার পাশে স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা হয়। তাঁরা বলেন, ১৭ নভেম্বর সন্ধ্যার দিকে টুঙ্গিপাড়া থানার পুলিশের একটি দল নবাগত ওসি ইমরানুল কবিরের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরের আশপাশে অভিযান চালায়। এ সময় একটি দোকানে ক্যারম খেলছিলেন কয়েকজন শিক্ষার্থী। পুলিশ তাঁদের আটক করে এবং তাঁদের কয়েকটি মোটরসাইকেল গাড়িতে তুলে নিয়ে যায়। এরপর প্রত্যক্ষদর্শীরা পুলিশের সঙ্গে কথা বলেন এবং তাঁদের ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। কিন্তু পুলিশ তাঁদের ছেড়ে না দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ১ নম্বর গেট এলাকায় গিয়ে তল্লাশি চালায়।


এদিকে শিক্ষার্থীদের আটকের খবর ছড়িয়ে পড়লে আশপাশের কয়েকটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করা হয়। এর মধ্যে টুঙ্গিপাড়া-পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়, আটক নেতা-কর্মীদের ছেড়ে দেওয়া হলে তাঁরা কোনো ধরনের বিক্ষোভ করবেন না। কিন্তু এর মধ্যেই আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে কাঁদানে গ্যাসের শেল, পরে শব্দবোমা ও রাবার বুলেট নিক্ষেপ করে। মুহুর্মুহু গুলির শব্দে টুঙ্গিপাড়া ও আশপাশের এলাকা কেঁপে ওঠে। এতে আরও উত্তেজনা সৃষ্টি হয়।


সন্ধ্যা সাতটার দিকে কিছু মানুষ বিক্ষোভ মিছিল নিয়ে টুঙ্গিপাড়া থানার দিকে অগ্রসর হন। সেখানে তাঁরা এক দফা দাবি ঘোষণা করেন—আটক নেতা-কর্মীদের ছেড়ে না দিলে তাঁরা থানা ঘেরাও করবেন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ থানা এলাকা ছেড়ে যায়। এরপর থানায় আগুন দেওয়া হয়। পরে তাঁরা আবার টুঙ্গিপাড়া-পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় ফিরে কিছু সময় বিক্ষোভ করেন।


অবশ্য এ বিষয়ে থানার ওসি কিংবা জেলা পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া থানার আসবাব। ছবি: পদ্মা ট্রিবিউন

থানায় হামলা ও অগ্নিসংযোগ এবং সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দেওয়ার ঘটনার পর গোপালগঞ্জ জেলার নিরাপত্তা জোরদার করা হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২১ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ড্রোন, শরীরে পরিধানযোগ্য ক্যামেরা ও অন্যান্য প্রযুক্তির মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিজিবি। বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

থানা চত্বরে পড়ে আছে পোড়া গাড়ি। ছবি: পদ্মা ট্রিবিউন

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মোতায়েন করা বিজিবি সদস্যরা জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের নজরদারি কেন্দ্র থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। ড্রোন, শরীরে পরিধানযোগ্য ক্যামেরা ও বিশেষভাবে তৈরি যন্ত্রের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.