হামের উপসর্গ নিয়ে চট্টগ্রামে আরও এক শিশুর মৃত্যু
![]() |
| চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হাম কর্নার | ছবি: পদ্মা ট্রিবিউন |
চট্টগ্রামে হামের লক্ষণ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশু মারা যায়। কক্সবাজারের কুতুবদিয়া থেকে আসা শিশুটির বয়স ৯ মাসের কম বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ নিয়ে চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হলো।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয় থেকে জানা গেছে, শিশুটি আগে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিল। অবস্থার অবনতি হলে বুধবার রাতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্রে (পিআইসিইউ) নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।
এর আগে মঙ্গলবার সকালে হামের লক্ষণ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেক শিশুর মৃত্যু হয়। ওই শিশুটিও কক্সবাজার এলাকার। তার বয়স ছয় মাসের কম বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হামের লক্ষণ নিয়ে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জেলা সিভিল সার্জন মো. জাহাঙ্গীর আলম বলেন, হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। শিশুটিকে কুতুবদিয়া থেকে প্রথমে নগরের বেসরকারি হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছিল।
সিভিল সার্জন কার্যালয়ের সবশেষ প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রামে গতকাল পর্যন্ত আটজনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে চারজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বুধবার সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৮ জন জেলার সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। আর ১১১ জন হামের লক্ষণ থাকা রোগীর নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

Comments
Comments