[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

চাঁদপুরে নারীর পেট থেকে ৮ কেজি ওজনের টিউমার বের করা হলো

প্রকাশঃ
অ+ অ-
চাঁদপুরে নারীর পেট থেকে ৮ কেজি ওজনের টিউমার অপসারণ করা হয়েছে | ছবি: পদ্মা ট্রিবিউন

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এক নারীর পেট থেকে অস্ত্রোপচারের মাধ্যমে ৮ কেজি ২০০ গ্রাম ওজনের একটি টিউমার অপসারণ করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার মেডিল্যাব হাসপাতাল ও আঘাতজনিত চিকিৎসা কেন্দ্রে এই অস্ত্রোপচার সম্পন্ন হয়। অস্ত্রোপচারটি পরিচালনা করেন হাসপাতালের চেয়ারম্যান ও শল্য চিকিৎসক মো. আরিফ উল হাসান।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, কচুয়া উপজেলার একটি গ্রামের ৪৫ বছর বয়সী এক নারী তিন থেকে চার মাস ধরে পেটে অস্বাভাবিক ভার ও ব্যথা অনুভব করছিলেন। শুরুতে শব্দতরঙ্গ পরীক্ষার মাধ্যমে পেটে তরল থাকার ধারণা পাওয়া গেলেও পরে কম্পিউটার নিয়ন্ত্রিত বিশেষ রঞ্জন রশ্মি পরীক্ষায় টিউমারের উপস্থিতি নিশ্চিত হওয়া যায়। এরপর শুক্রবার বিকেলে অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারটি বের করা হয়। বিশাল আকারের এই টিউমার দেখে চিকিৎসকেরা অবাক হয়ে যান।

ওই নারীর স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা এ বিষয়ে সংবাদমাধ্যমে কথা বলতে রাজি হননি। অস্ত্রোপচার করা চিকিৎসক আরিফ উল হাসান জানান, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রোগীর পেটে টিউমার শনাক্ত করা হয়। প্রায় দেড় ঘণ্টাব্যাপী অস্ত্রোপচারের মাধ্যমে ৮ কেজি ২০০ গ্রাম ওজনের টিউমারটি বের করা হয়েছে। রোগী বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে আছেন।

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকলিমা জাহান বলেন, রোগীকে সরাসরি না দেখে এবং চিকিৎসার পূর্ণাঙ্গ ইতিহাস না জেনে এ বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়। তবে ৮ কেজির বেশি ওজনের টিউমার একটি বড় বিষয়।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন