চরমোনাইয়ে এনসিপির প্রতিনিধিদল, মুফতি রেজাউল করীমের সঙ্গে বৈঠক
বরিশালের চরমোনাই দরবারে মাহফিলে অংশ নিতে পৌঁছেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল। দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নেতৃত্বে প্রতিনিধিদলটি বৃহস্পতিবার সকালে সেখানে পৌঁছায়।
এর আগে বুধবার জোহরের নামাজের পর তিন দিনব্যাপী এই মাহফিলের উদ্বোধনী বয়ান করেন চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার ভোরে ফজর নামাজের পর বয়ান করেন রেজাউল করীম। বয়ান শেষে তিনি এনসিপির প্রতিনিধিদের সঙ্গে একটি সংক্ষিপ্ত ও ঘরোয়া আলোচনায় অংশ নেন। এ সময় কুশল বিনিময়ের পাশাপাশি উভয় পক্ষ দেশের বর্তমান রাজনীতি, সদ্য শেষ হওয়া নির্বাচনসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।
সভায় উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ১১ দলের জোটে ইসলামী আন্দোলন বাংলাদেশের না থাকা নিয়ে এনসিপি নেতারা জামায়াতের ভূমিকা প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেন। এ বিষয়ে চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম তাঁদের সঙ্গে একমত পোষণ করেন। তিনি আরও জানান, এর বাইরেও কিছু বিষয় আছে যা তিনি এখনই প্রকাশ করতে চান না।
মতবিনিময় সভায় ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব প্রকৌশলী আশরাফুল আলম, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্যসচিব ফয়সাল মাহমুদ শান্ত, ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সদস্যসচিব মাওলানা সানাউল্লাহ খান, কেন্দ্রীয় সদস্য হামজা মাহবুব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশীদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার শাখার প্রধান সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহ বলেন, এনসিপি নেতাদের সঙ্গে আমিরের আলোচনা ছিল অল্প সময়ের জন্য। এ সময় কুশল বিনিময়ের পাশাপাশি বর্তমান রাজনীতি, জোট ও নির্বাচন নিয়ে সংক্ষিপ্ত কথা হয়েছে। এনসিপি নেতাদের সারা দিন চরমোনাইয়ে অবস্থান করার কথা রয়েছে।

Comments
Comments