[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ল ট্রাক

প্রকাশঃ
অ+ অ-
চট্টগ্রামে বৃহস্পতিবার রাতে ফেরিতে উঠতে গিয়ে কর্ণফুলী নদীতে পড়ে তলিয়ে যাচ্ছে একটি ট্রাক | ছবি: পদ্মা ট্রিবিউন

চট্টগ্রামের কালুরঘাটে ফেরিতে ওঠার সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কর্ণফুলী নদীতে পড়ে গেছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নদীর বোয়ালখালী অংশে এই দুর্ঘটনা ঘটে। ট্রাকটি তলিয়ে গেলেও চালক গাড়ি থেকে বেরিয়ে সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

দমকল বাহিনী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রাকটি লোহাগাড়া উপজেলায় পণ্য খালাস করে নগরীর সিঅ্যান্ডবি এলাকায় যাওয়ার জন্য ফেরিতে উঠছিল। ফেরিতে ওঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে এটি নদীতে পড়ে যায়। দুর্ঘটনার সময় ট্রাকে চালক ছাড়া আর কেউ ছিল না।

দমকল বাহিনী আরও জানায়, ট্রাকচালকের নাম মো. ওসমান (৩৫)। দুর্ঘটনার সময় তিনি মাথায় আঘাত পান। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক উপল চৌধুরী জানান, ওসমান নামে একজনকে রাত ১১টার দিকে বোয়ালখালী থেকে হাসপাতালে আনা হয়। তাঁর মাথায় সেলাই দেওয়া হয়েছে।

এর আগে, গত ২৫ মার্চ বিকেলে কুষ্টিয়ার কুমারখালী থেকে আসা 'সৌহার্দ্য পরিবহন' নামের একটি যাত্রীবাহী বাস অর্ধশতাধিক যাত্রী নিয়ে দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পন্টুন থেকে পদ্মায় পড়ে ডুবে যায়। ওই ঘটনায় মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন