দেশজুড়ে বাড়বে গরম, ৪ বিভাগে হতে পারে বৃষ্টি
![]() |
| আবহাওয়া অধিদপ্তর | ছবি: পদ্মা ট্রিবিউন |
প্রায় পাঁচ দিন ধরে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে যে বৃষ্টি হয়েছে, তা কমে আসতে পারে আগামীকাল বৃহস্পতিবার থেকে। গরম বাড়তে পারে। বুধবার থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে। এমন পরিস্থিতি আরও অন্তত চার দিন থাকতে পারে। একই সঙ্গে দেশের চার বিভাগে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সকাল থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘলা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ ওঠে এবং তাপমাত্রাও বাড়তে শুরু করে।
ঢাকার আশপাশের এলাকা, বিশেষ করে ময়মনসিংহের দিকে ঘন মেঘ রয়েছে বলে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে। এ কারণে ঢাকার আকাশেও মেঘ দেখা যাচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা। তিনি বলেন, এই মেঘের প্রভাবে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি নেই। হলেও তা সামান্য হতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। এর মধ্যে কুমিল্লায় সর্বোচ্চ ৪১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। এর পর রয়েছে উত্তরবঙ্গের রংপুর, সেখানে বৃষ্টি হয়েছে ১৪ মিলিমিটার। এ ছাড়া নরসিংদী, ভোলাসহ দেশের আরও বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টি হতে পারে। এতে বিশেষ করে এসব এলাকায় তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, আগামীকাল থেকে তাপমাত্রা আবার বাড়তে পারে। তিনি বলেন, তাপমাত্রা ইতিমধ্যে বাড়তে শুরু করেছে এবং এ অবস্থা অন্তত চার দিন থাকতে পারে।

Comments
Comments