স্মৃতিসৌধে স্লোগান-মিছিলের জেরে ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেপ্তার ২
![]() |
| সুনামগঞ্জ শহরের মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের শ্রদ্ধা নিবেদন। বৃহস্পতিবার বেলা ১১টায় | ছবি: পদ্মা ট্রিবিউন |
স্মৃতিসৌধে মিছিল ও স্লোগান দিয়ে ফুল অর্পণের ঘটনায় সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামীপন্থী ২৭ জন আইনজীবীর নামে মামলা হয়েছে। পুলিশের মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। মামলায় আরও ৫০ থেকে ৬০ জন অজ্ঞাতনামা আসামি রয়েছেন।
গ্রেপ্তার দুই আইনজীবী হলেন মনীষ কান্তি দে (মিন্টু) ও মিজানুর রহমান (শামীম)। মনীষ কান্তি দে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য এবং সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সহসভাপতি। মিজানুর রহমান জেলা ছাত্র লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এবং বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য। মনীষ কান্তির বাড়ি শহরের নতুনপাড়ায়, শামীম আহমেদ সদর উপজেলার মঙ্গলকাটা গ্রামের বাসিন্দা।
মামলার বাদী সুনামগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আনুরুল হক। এজাহারে আসামি হিসেবে ২৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। তাঁরা সবাই আইনজীবী এবং মহান স্বাধীনতা দিবসের সকালে শহরের স্মৃতিসৌধে মিছিল, স্লোগান ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ব্যানারের সঙ্গে ফুল অর্পণ করেছিলেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ জানান, যাঁরা স্মৃতিসৌধে মিছিল করেছেন এবং স্লোগান দিয়েছেন, সকলকে মামলায় আসামি করা হয়েছে।
পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন বলেন, এই সংগঠনের কার্যক্রম আইনত নিষিদ্ধ। তাঁরা মিছিল করেছেন, স্লোগান দিয়েছেন এবং মিছিলের ছবি ও ভিডিও নিজেদের ফেসবুকে প্রচার করেছেন। এটি তাঁরা করতে পারেন না।
স্বাধীনতা দিবসের সকালে বেলা ১১টায় মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সুনামগঞ্জ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্যরা মিছিল নিয়ে আদালত চত্বরে থাকা স্মৃতিসৌধে যান। সেখানে স্লোগান দিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। মিছিলে ২৩ থেকে ৩০ জন আইনজীবী ছিলেন, এর মধ্যে জেলা আওয়ামী লীগের পদধারী কয়েকজন নেতাও ছিলেন। তাঁরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘স্বাধীনতার এই দিনে মুজিব তোমায় মনে পড়ে’, ‘শেখ শেখ শেখ মুজিব, লও লও লও সালাম’ ইত্যাদি স্লোগান দেন। পরে মিছিলের ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।

Comments
Comments