শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুবার্ষিকী আজ
| শামসুর রহমান শরীফ | ফাইল ছবি |
পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুর রহমান শরীফের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ২ এপ্রিল। ২০২০ সালের এই দিনে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শামসুর রহমান শরীফ পাবনা জেলা আওয়ামী লীগের কাণ্ডারি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৯৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। দশম জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর ২০১৪ সালের ১২ জানুয়ারি তাকে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।
রাজনৈতিক জীবনে তিনি বহুবার জেল খেটেছেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর তৎকালীন সরকারের আমলে টানা পাঁচ বছর এবং পরে এরশাদ সরকারের আমলেও তিনি দীর্ঘ সময় কারাগারে ছিলেন।
তার রাজনৈতিক জীবনের শুরু ছাত্রাবস্থায়। ১৯৫২ সালে পাবনা জেলা স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র থাকাকালীন ভাষা আন্দোলনের মিছিল থেকে তিনি প্রথম গ্রেপ্তার হন। পরে ১৯৭১ সালে তিনি সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেন। দেশ স্বাধীনের পর ১৯৭৩ সালে ঈশ্বরদীর লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার মাধ্যমে তার জনপ্রতিনিধিত্ব শুরু হয়। ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে উপজেলা এবং পরে ২০০৫ সালে জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন তিনি। আমৃত্যু তিনি এই দায়িত্ব পালন করেছেন।
শামসুর রহমান শরীফ ১৯৪০ সালের ১০ মার্চ পাবনা সদর উপজেলার চর শানিকদিয়ার মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি ঈশ্বরদী উপজেলার কৈকুণ্ডা গ্রামে। তার বাবার নাম লুৎফর রহমান এবং মায়ের নাম জোবেদা খাতুন।
২০২০ সালের ২ এপ্রিল ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় বরেণ্য এই রাজনীতিকের মৃত্যু হয়।
Comments
Comments