খিলগাঁওয়ে মা-ছেলের মরদেহ উদ্ধার
| লাশ | প্রতীকী ছবি |
রাজধানীর খিলগাঁওয়ের একটি বাসা থেকে মা ও তাঁর শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তিরা হলেন নার্গিস বেগম (৩৭) এবং তাঁর পাঁচ বছর বয়সী ছেলে মো. মাহিম।
শুক্রবার বিকেল চারটার দিকে খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকা থেকে দুজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে খিলগাঁও থানার পুলিশ।
পুলিশের খিলগাঁও বিভাগ সূত্রে জানা গেছে, নিহত নার্গিস বেগমের স্বামী একজন ভাড়ায় চালিত অটোরিকশা চালক। তাঁদের সংসারে আর্থিক টানাপোড়েন ছিল। বিভিন্ন সময়ে তাঁদের মধ্যে ঝগড়াঝাঁটিও হতো। পারিবারিক বিরোধের কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, ছেলেকে ধারালো চাকু দিয়ে হত্যার পর মা নার্গিস বেগম আত্মহত্যা করেছেন। খবর পেয়ে খিলগাঁও তিলপাপাড়ার বাসা থেকে তাঁদের উদ্ধার করে পুলিশ। এরপর মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রকৃত কারণ জানতে পুলিশ কাজ করছে।
Comments
Comments