[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

প্রকাশঃ
অ+ অ-
ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে শিশুরা ভর্তি | ছবি: পদ্মা ট্রিবিউন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম পৃথকীকরণ ইউনিটে হামের লক্ষণ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে আরও ৩২টি শিশু ভর্তি হয়েছে। বর্তমানে সেখানে ৭৪ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

মারা যাওয়া ৯ মাস বয়সী শিশুর নাম আয়াত। সে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বুলবুল মিয়ার ছেলে। গত ১১ এপ্রিল হামের লক্ষণ নিয়ে সে হাসপাতালে ভর্তি হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার রাত ৭টা ৫০ মিনিটে শিশুটি মারা যায়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত সময়ের মধ্যে হামের লক্ষণ নিয়ে নতুন করে ৩২টি শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। গত ১৭ মার্চ থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ৪৫৭টি শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৭০ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৩টি শিশুর। বর্তমানে হাসপাতালে ৭৪ জন শিশু চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে আরও ৩৩টি শিশু।

চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে এক-দুজন করে হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে ভর্তি হতে শুরু করে। মার্চের মাঝামাঝি সময় থেকে রোগীর সংখ্যা বাড়তে থাকে। রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে ৬৪ শয্যার একটি আলাদা ইউনিট রয়েছে। সেখানে তিনটি চিকিৎসক দল গঠন করে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, গত ২৪ ঘণ্টায় নতুন এক শিশুর মৃত্যু হয়েছে এবং একই সময়ে আরও ৩২টি শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন