লাক্স সুপারস্টার চ্যাম্পিয়ন রাজশাহীর বর্ণিতা
![]() |
| ‘লাক্স সুপারস্টার ২০২৫’–এর বিজয়ীবিজয়ী বর্ণিতা (মাঝে) | ছবি: পদ্মা ট্রিবিউন |
‘লাক্স সুপারস্টার ২০২৫’ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা। শুক্রবার রাতে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে তাঁর হাতে বিজয়ের ট্রফি তুলে দেওয়া হয়।
দীর্ঘ সাত বছর পর নতুন কোনো লাক্স সুপারস্টার পেল বাংলাদেশ। বর্ণিতার হাতে ট্রফি তুলে দেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এবং ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল কুদ্দুস খান। জানা গেছে, বিজয়ী বর্ণিতাকে নিয়ে চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফী একটি সিনেমা নির্মাণ করবেন।
প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন পাবনার নাযাহ নাওয়ার বিনতে নুরুল। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন পাঁচ লাখ টাকার চেক। দ্বিতীয় রানারআপ হয়েছেন চট্টগ্রামের আমিনা—তিনি পেয়েছেন তিন লাখ টাকা।
![]() |
| শুক্রবার রাতে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জমকালো আয়োজনে তাঁর হাতে তুলে দেওয়া হয় বিজয়ের ট্রফি | ছবি: পদ্মা ট্রিবিউন |
চূড়ান্ত পর্বে অংশ নিয়েছিলেন পাঁচ প্রতিযোগী—আমিনা ইসলাম, বিদুষী বর্ণিতা, নুসরাত আফরীন ইয়ুমনা, তিস্তা পাল ও নাযাহ নাওয়ার বিনতে নুরুল।
২০০৫ সালে শুরু হওয়া এই সৌন্দর্য প্রতিযোগিতা কয়েক বছর নিয়মিত আয়োজনের পর বন্ধ হয়ে গিয়েছিল। সর্বশেষ ২০১৮ সালে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সাত বছর বিরতি দিয়ে গত বছর শুরু হয় এর দশম আসর।
লক্ষাধিক আবেদনকারীর মধ্য থেকে প্রাথমিক বাছাই শেষে ১১ হাজার প্রতিযোগীকে ডাকা হয়। সেখান থেকে সেরা ১০ জনকে নিয়ে গত বছরের সেপ্টেম্বর থেকে চ্যানেল আইয়ে প্রতিযোগিতার সম্প্রচার শুরু হয়। এবারের আসরের প্রশিক্ষক ও বিচারক হিসেবে ছিলেন জয়া আহসান, মেহজাবীন চৌধুরী ও রায়হান রাফী।
![]() |
| ‘লাক্স সুপারস্টার ২০২৫’– এর বিজয়ীবিজয়ী বর্ণিতা (মাঝে) | ছবি: পদ্মা ট্রিবিউন |
অনুষ্ঠানে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর জানান, বিজয়ীদের নিয়ে শিহাব শাহীন ইন্টারনেটভিত্তিক চলচ্চিত্র বা ওয়েব সিনেমা নির্মাণ করবেন।
ইউনিলিভারের বিপণন পরিচালক ও ব্যবসায়িক শাখার প্রধান নাবিলা জাবীন খান বলেন, ‘লাক্স সুপারস্টারের গল্পগুলো সব সময়ই অনুপ্রেরণার। এটি একজন সাধারণ নারীর অসাধারণ হয়ে ওঠার যাত্রা।’
সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হওয়া চূড়ান্ত আসরটি উপস্থাপনা করেন মোশাররফ করিম ও আরিফিন শুভ। অনুষ্ঠানে গান ও নাচ পরিবেশন করেন জেফার রহমান, ইরফান সাজ্জাদ, তৌসিফ মাহবুব, আরশ খানসহ অনেকে।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্মাতা শিহাব শাহীন, অভিনেত্রী আজমেরী হক বাঁধন, বিদ্যা সিনহা মিমসহ বিনোদন জগতের আরও অনেকেই।



Comments
Comments