দস্যুতার মামলায় গ্রেপ্তারের পর স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার, রয়েছে চাঁদাবাজির অভিযোগ
![]() |
| মো. মাসুদ কালা | ছবি: সংগৃহীত |
দস্যুতার মামলায় গ্রেপ্তারের পর চট্টগ্রামের মিরসরাইয়ের এক স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় তাঁকে বহিষ্কার করে বিজ্ঞপ্তি দেওয়া হয়। এর আগে মঙ্গলবার রাতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। বহিষ্কৃত ওই নেতার নাম মো. মাসুদ কালা (৩২)। তিনি উপজেলার করেরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ছিলেন।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ওমর শরীফ ও সদস্যসচিব শাহ মো. ফোরকান উদ্দিন চৌধুরী এই সাংগঠনিক সিদ্ধান্ত নিয়েছেন। সংগঠনের যুগ্ম আহ্বায়ক এস এম আরিফ মাইনউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার উপজেলার করেরহাট ইউনিয়নের বন বিভাগ অফিস এলাকায় গাড়িতে চাঁদাবাজিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে পাঁচজন আহত হন। এই ঘটনার পর ওই রাতেই মাসুদ কালাকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে দস্যুতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশ জানায়, মাসুদ কালার বিরুদ্ধে বন কর্মকর্তার ওপর হামলা ও পাহাড় কাটাসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ওমর শরীফ বলেন, মঙ্গলবার বিকেলে করেরহাট ইউনিয়নের বন বিভাগ অফিস এলাকায় গাড়িতে চাঁদা আদায়ের ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সাংগঠনিক তদন্তে মাসুদ কালার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে সংগঠনের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, মঙ্গলবারের সংঘর্ষের ঘটনায় মাসুদ কালার যুক্ত থাকার বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। তাই তাঁকে আগের একটি মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে বন কর্মকর্তার ওপর হামলা, পাহাড় কেটে বালু লুট ও দস্যুতাসহ থানায় ১২টি মামলা রয়েছে।

Comments
Comments