জামালপুরে ছেলের শ্বশুরবাড়ির লোকজনের হামলায় বাবার মৃত্যু
![]() |
| মারধর | প্রতীকী ছবি |
জামালপুরে পারিবারিক কলহের জেরে ছেলের শ্বশুরবাড়ির লোকজনের হামলায় আবদুল হাকিম (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় জড়িত সন্দেহে ছেলের শ্বশুরসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাত ১০টার দিকে সদর উপজেলার ঝাওলা গোপালপুর এলাকায় এই ঘটনা ঘটে।
আবদুল হাকিম সদর উপজেলার ওই এলাকারই বাসিন্দা। তাঁর এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। ছেলে মোহাম্মদ শামীম মিয়া ময়মনসিংহের ভালুকার মাস্টারবাড়ি এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন। সেখানে তিনি স্ত্রীকে নিয়ে বসবাস করতেন।
পুলিশ ও নিহত ব্যক্তির স্বজনদের কাছ থেকে জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে সদর উপজেলার নরুন্দি কচুনধরা এলাকার কাদিউর রহমানের মেয়ে কামরুন নাহারের সঙ্গে শামীম মিয়ার বিয়ে হয়। তবে স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়ায় তাঁদের মাঝে প্রায়ই ঝগড়া চলত। বিষয়টি মিমাংসা করার জন্য বুধবার রাতে আবদুল হাকিমের বাড়িতে একটি বৈঠক বসে। আলোচনার একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কথা-কাটাকাটি শুরু হয়।
সেই সময় শামীমের শ্বশুর ও তাঁর আত্মীয়স্বজনেরা আবদুল হাকিমকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাঁকে জামালপুর সাধারণ হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করে।
আবদুল হাকিমের ভাতিজা নয়ন মিয়া বলেন, গত মাসে কয়েকবার স্ত্রীর সঙ্গে শামীমের পারিবারিক ঝগড়া হয়। ঈদের আগের দিন শামীম গ্রামের বাড়িতে এলেও তাঁর স্ত্রী কামরুন নাহার পথ থেকেই বাবার বাড়িতে চলে যান। ঈদের পর কর্মস্থলে ফিরে গেলে সেখানে তাঁদের বিরোধ আরও বাড়ে। মূলত ঈদের সময় মা-বাবা ও বোনের জন্য কেনাকাটা করাকে কেন্দ্র করেই শামীমের সঙ্গে এই ঝগড়া শুরু হয়। পরিস্থিতি শান্ত করতে একপর্যায়ে স্ত্রীকে আবারও গ্রামের বাড়িতে নিয়ে আসেন শামীম। পরে তাঁর স্ত্রী বাবার বাড়িতে খবর দিয়ে লোকজন ডেকে আনেন।
হামলার বিষয়ে নয়ন মিয়া আরও বলেন, ‘বুধবার শামীমের শ্বশুরবাড়ি থেকে ১০-১২ জন লোক আমাদের বাড়িতে আসেন। কিছু বুঝে ওঠার আগেই তাঁরা চাচা, চাচি ও চাচাতো বোনের ওপর হামলা চালান। এতে গুরুতর আহত হয়ে চাচা আবদুল হাকিম মারা যান।’
এই বিষয়ে অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান। তিনি জানান, ময়নাতদন্তের জন্য আবদুল হাকিমের মরদেহ জামালপুর সাধারণ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Comments
Comments