দাউদকান্দিতে খাদে পড়ে নিহত সবাই ধানকাটা শ্রমিক, খরচ কমাতে যাচ্ছিলেন ট্রাকে
![]() |
| নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে দাউদকান্দি হাইওয়ে থানায় রাখা হয়েছে | ছবি: পদ্মা ট্রিবিউন |
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় চালবোঝাই ট্রাক খাদে পড়ে হতাহত শ্রমিকেরা খরচ বাঁচাতে ওই ট্রাকে করে কাজের সন্ধানে যাচ্ছিলেন বলে জানিয়েছেন স্বজনেরা। মঙ্গলবার সকালে হতাহতদের কয়েকজন স্বজন পুলিশের কাছে এই তথ্য জানিয়েছেন।
এর আগে সোমবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে উপজেলার হাসানপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওই দুর্ঘটনায় সাতজন শ্রমিক নিহত হন এবং আহত হন আরও ছয়জন। পুলিশ জানিয়েছে, তাঁরা সবাই বোরো ধান কাটার শ্রমিক ছিলেন।
দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার খালিপুর গ্রামের আবজাল হোসেন (৩৫), সোহরাব হোসেন (৪০), আবু সালেক (৪২); বিরামপুর উপজেলার ভাইঘর গ্রামের সুমন মিয়া (২১), বিষু মিয়া (৩৪), আবু হোসেন (২৯) এবং আবদুর রশিদ (৫৮)। তাঁদের সবার বাড়ি দিনাজপুরে। নিহতদের মরদেহ উদ্ধার করে দাউদকান্দি হাইওয়ে থানায় রাখা হয়েছে।
আহতরা হলেন আমির আলী (৪৫), তরিকুল ইসলাম (৫০), জালাল হোসেন (৩৭), মো. আমিনুল ইসলাম (৩৮) ও জাহাঙ্গীর আলম (৪০)। তাঁদের প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাতেই তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ছাড়া আহত অন্য একজনের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারেনি পুলিশ।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নয়ন দে জানান, আহত পাঁচজনের অবস্থাই আশঙ্কাজনক।
পুলিশ জানিয়েছে, দিনাজপুর থেকে ১৩ জন শ্রমিক একটি চালবোঝাই ট্রাকে করে নোয়াখালীর দিকে যাচ্ছিলেন। যাতায়াত খরচ কমাতে তাঁরা ট্রাকের ওপরে বসেই যাত্রা করেছিলেন। পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই সাতজন প্রাণ হারান।
নিহত সোহরাব হোসেনের ভগ্নিপতি জসিম উদ্দিন সকালে দাউদকান্দি হাইওয়ে থানায় এসে বলেন, যারা মারা গেছেন তাঁরা সবাই ধান কাটার শ্রমিক। তাঁদের মধ্যে সোহরাব তাঁর স্ত্রীর বড় ভাই। কাজের খোঁজে তাঁরা নোয়াখালী যাচ্ছিলেন। সোহরাবই ছিলেন তাঁর পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি।
এদিকে সকালে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার ও সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহতদের পরিবারকে ১৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

Comments
Comments