প্রতিবেশীদের জ্বালানি সহযোগিতা অব্যাহত রেখেছে ভারত: জয়সোয়াল
![]() |
| ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল | ফাইল ছবি |
পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির কারণে তৈরি হওয়া জ্বালানি সংকটে প্রতিবেশী দেশগুলোর পাশে দাঁড়িয়েছে ভারত। নিজেদের চাহিদা মেটানোর পাশাপাশি ভারত প্রতিবেশীদেরও সহায়তা দিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এই সহযোগিতার বিষয়টি তুলে ধরা হয়।
মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে জ্বালানি সংকটে প্রতিবেশীদের পাশে দাঁড়ানোর বিষয়ে জানতে চাওয়া হলে মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, ভারত ২০০৭ সাল থেকেই বাংলাদেশকে জ্বালানি সরবরাহ করে আসছে। এ বিষয়ে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সমঝোতা রয়েছে এবং এই সহযোগিতা এখনো চলছে। জ্বালানির চাহিদা মেটাতে শ্রীলঙ্কার দিকেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত। সম্প্রতি শ্রীলঙ্কাকে তাদের চাহিদা অনুযায়ী ৩৮ হাজার মেট্রিক টন পেট্রোলিয়াম পণ্য দেওয়া হয়েছে। নেপাল ও ভুটানের সঙ্গেও ভারতের এই সহযোগিতা অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
জয়সোয়াল আরও জানান, সম্প্রতি মালদ্বীপ সরকারের পক্ষ থেকেও একটি অনুরোধ এসেছে। দেশটি ভারত থেকে স্বল্প ও দীর্ঘ মেয়াদে জ্বালানি তেল নেওয়ার আগ্রহ দেখিয়েছে। নিজেদের প্রয়োজন ও মজুত বিবেচনায় রেখে মালদ্বীপের এই অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া মরিশাস ও সেশেলসের সঙ্গেও জ্বালানি পরিস্থিতি নিয়ে ভারত যোগাযোগ রাখছে। তবে ওই দুই দেশ জ্বালানি সরবরাহের জন্য ভারতকে কোনো অনুরোধ করেনি।
ব্রিফিংয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের আসন্ন ভারত সফর নিয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র জানান, সফর চূড়ান্ত হলে সঠিক সময়ে বিস্তারিত জানানো হবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো চিঠি প্রসঙ্গে ভারতের মতামত জানতে চাওয়া হলে জয়সোয়াল এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

Comments
Comments